এবার মাধুরী দীক্ষিতের কোরিওগ্রাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের নাচ দেখে মুগ্ধ হননি এমন লোক খুঁজে পাওয়া ভার। ‘তেজাব’ ছবির সেই ‘এক দো তিন’ কিংবা ‘বেটা’র ‘ধক ধক কারনে লাগা’ থেকে শুরু করে হাল সময়ের ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’–এর ‘ঘাগরা’—সব গানেই মাধুরীর অনবদ্য নাচ দর্শকের চোখ জুড়িয়ে দেয়। অনেক আগে থেকেই নাকি এই তারকার নৃত্য নির্দেশনা দেওয়ার স্বপ্ন ছিল। এবার তাঁর সেই স্বপ্নটি পূরণ হতে যাচ্ছে।

ভারতীয় টিভি চ্যানেলের একটি নাচের অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করছেন মাধুরী। সেই অনুষ্ঠানেই হিন্দি ছবির একটি গানের সঙ্গে কোরিওগ্রাফি করবেন তিনি। তাঁর নির্দেশনায় সেখানে নাচবেন আসন্ন ছবি ‘দো লাফজো কি’র নায়ক রণদীপ হুদা ও নায়িকা কাজল আগারওয়াল। এই সিনেমারই একটি গানের কোরিওগ্রাফি করবেন মাধুরী দীক্ষিত। সঙ্গে নাচবেন কোরিওগ্রাফার টেরেন্স লিউইস ও বসকো মার্টিস।
এই প্রসঙ্গে মাধুরী বলেন, ‘আজ পর্যন্ত আমার পেশাজীবনের পুরোটা সময়ই আমাকে অন্য কেউ কোরিওগ্রাফি করেছেন। কিন্তু আমার সব সময়ের ইচ্ছা ছিল কোরিওগ্রাফি করা। এবার সেটা পূরণ হচ্ছে। মাথায় একটি বিশেষ ধরনের নাচ খেলা করছে। টেরেন্স, বসকো, রণদীপ ও কাজলকে সেই নাচেরই নির্দেশনা দেব।’ ডেইলি সান।