এবার মাফিয়া ডনের হুমকি পেলেন বোমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোমান ইরানি
বোমান ইরানি

চাঁদা চেয়ে পলাতক আন্ডারওয়ার্ল্ড ডন রবি পূজারির হুমকি পেয়েছেন বলিউডের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি। এবার সেই তালিকায় যুক্ত হলো ‘থ্রি ইডিয়টস’ তারকা বোমান ইরানির নাম। সম্প্রতি রবি পূজারির কাছ থেকে ফোনে হুমকি পাওয়ায় বোমানকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে ঊর্ধ্বতন একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রবি পূজারির কাছ থেকে ফোনে হুমকি পেয়েছেন বোমান ইরানি। এ জন্য তাঁকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। এই মুহূর্তে ঘটনার তদন্তকাজ চলছে।
‘রাজা হিন্দুস্তানি’ ছবির প্রযোজক আলী মোরানির জুহু বাংলো লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে গত ২৩ আগস্ট। ওই দিন অ্যাকটিভা স্কুটারে চেপে তিনজন অজ্ঞাতপরিচয় লোক আলী মোরানির বাড়ির কাছে যায়। স্কুটারে মাঝে বসে থাকা লোকটি আলীর বাড়ি লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়ে। এর একটি বুলেট গাছে লাগে। আরেকটি বুলেট আলীর বাড়ির জানালার কাচ ভেদ করে ভেতরে ঢুকে পড়ে। পরে আলীর মোবাইল ফোনে একটি এসএমএস পাঠায় তারা। সেখানে আলীকে ভয়ংকর পরিণতি ভোগের হুমকি দেওয়া হয়।
এ ঘটনার ঠিক দুদিন পর ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের রেড চিলিস প্রোডাকশন হাউসের কার্যালয়ে ফোন আসে রবি পূজারির। রবি তাঁর বার্তা রেড চিলিস প্রোডাকশন হাউসের কর্মচারীদের শাহরুখের কাছে পৌঁছে দিতে বলেন। তিনি আলী মোরানির কাছ থেকে দূরে থাকার হুমকি দেন শাহরুখকে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে মিড-ডে ডটকম।

প্রসঙ্গত, ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন বোমান ইরানি। শাহরুখপত্নী গৌরী খান প্রযোজিত ছবিটিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সনু সুদ, জ্যাকি শ্রফ প্রমুখ। ছবিটি মুক্তি পাচ্ছে ২৪ অক্টোবর।