এবার হৃতিক লড়বেন কুমিরের সঙ্গে!

সব সময়ই ভিন্ন কিছু করতে বেজায় আগ্রহ বলিউডের অভিনেতা হৃতিক রোশনের। কিছুদিন আগে ‘মহেঞ্জোদারো’ ছবিতে বাঘের সঙ্গে লড়বেন হৃতিক— এমন খবর প্রকাশ করেছিল কয়েকটি সংবাদমাধ্যম। ফিটনেস প্রশিক্ষক সত্যজিৎ চৌরাশিয়ার কাছে এ লক্ষ্যে ঘাম ঝরানো প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। এরই মধ্যে আবারও নতুন খবর , সেই একই ছবিতে কুমিরের সঙ্গেও নাকি লড়াই করবেন তিনি। শুধু কুমির বললে হয়তো বিষয়টা ঠিক স্পষ্ট হবে না। ‘মহেঞ্জোদারো’ ছবির একটি দৃশ্যে নাকি ২০ ফুট লম্বা ভয়ংকর এক কুমিরের সঙ্গেই লড়তে দেখা যাবে হৃতিককে।
গ্রিক ভাস্কর্যের মতো চেহারা, অভিনয়ের পাশাপাশি নাচেও তাঁর জুড়ি মেলা ভার। আর বলিউডের এ তারকাকে মারপিট বা লড়াইয়ের দৃশ্যে যারা দেখেছেন তাঁরাই জানেন লড়াই, মারপিটেও কম যান না তিনি।
আশুতোষ গোয়ারিকারের ‘মহেঞ্জোদারো’ ছবিতে হৃতিক আর কুমিরের লড়াইয়ের এমন দৃশ্যের দেখা মিলবে। সঙ্গে থাকবে বিশেষ ইফেক্টও, যাতে কুমিরের সঙ্গে লড়াইয়ের এ দৃশ্যটিকে দর্শকের কাছে আরও জীবন্ত ও সাবলীল বলে মনে হয়।
শুধু তা-ই নয়, হৃতিককে এ ছবিতে এমন সব মারকুটে দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে, যা আগে নাকি দর্শকেরা কোথাও দেখেননি। হৃতিকের রোমাঞ্চকর এসব দৃশ্য দেখতে হলে অবশ্য এ ছবির মুক্তির জন্য অপেক্ষা করতে হবে আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত। টাইমস অব ইন্ডিয়া।