এবার 'র‍্যাম্বো' নিয়ে ট্রিলজি বানাচ্ছেন সিদ্ধার্থ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘র‍্যাম্বো’ ছবির কাহিনি নিয়ে ট্রিলজি বানাবেন সিদ্ধার্থ আনন্দ
‘র‍্যাম্বো’ ছবির কাহিনি নিয়ে ট্রিলজি বানাবেন সিদ্ধার্থ আনন্দ

নির্মাতা সিদ্ধার্থ আনন্দ এর আগে টম ক্রুজ অভিনীত ‘নাইট অ্যান্ড ডে’ ছবি থেকে বলিউডের জন্য রিমেক (অফিশিয়াল রিমেক) করেছিলেন তাঁর ‘ব্যাং ব্যাং’ ছবিটি। এবার এই নির্মাতা ভারতের জন্য রিমেক করতে যাচ্ছেন সিলভেস্টার স্ট্যালন অভিনীত হলিউডের ‘র‍্যাম্বো’ ছবিটি।
এই নির্মাতা জানিয়েছেন, দুই বছর আগেই তিনি এই ছবির রিমেকের জন্য প্রয়োজনীয় স্বত্ব নিয়ে রেখেছেন।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধার্থ জানিয়েছেন, সম্প্রতি স্ট্যালোন ঘোষণা দিয়েছেন, তিনি ‘র‍্যাম্বো’ থেকে অবসরে যাচ্ছেন। ‘র‍্যাম্বো’ ছবির কাহিনি নিয়ে ভারতের দর্শকদের জন্য ছবি বানানোর এটাই সবচেয়ে মোক্ষম সময়। তিনি বলেন, ‘আমাদের ভারতে এমন সত্যিকার কোনো অ্যাকশন তারকা নেই।’ সিদ্ধার্থ বলেন, ‘আমরা বেড়ে উঠেছি স্ট্যালন, শোয়ার্জনেগারকে দেখে। পরবর্তী প্রজন্মের সামনে এমন কেউ-ই নেই।’
সিদ্ধার্থ তাঁর এই ছবিটি সম্পর্কে বলেছেন, ‘ট্রিলজি হবে ‘‘র‍্যাম্বো’’ ছবির কাহিনি থেকে। আর এর জন্য প্রয়োজনীয় স্বত্ব দুই বছর আগে থেকেই আমাদের আছে।’ তিনি আরও বলেন, ‘আমরা এখন ‘‘র‍্যাম্বো’’ ছবির কাহিনি নিয়ে কথা বলছি। ভারতের দর্শকদের উপযোগী করে এই ছবি নির্মাণের জন্য।’
তবে এই নির্মাতা জানিয়েছেন, তাঁর ‘ব্যাং ব্যাং’ ছবিটিতে হৃতিক রোশন থাকলেও ‘র‍্যাম্বো’ ছবির এই ভারতীয় রিমেকে মূল চরিত্রটির জন্য হৃতিককে এখনো চূড়ান্ত করেননি তিনি।
এ প্রসঙ্গে সিদ্ধার্থ বলেছেন, ‘হৃতিকের বিষয়টা সব সময় আমার মনে সবার আগে থাকলেও এ ছবির জন্য এখনো পর্যন্ত কাউকে চূড়ান্ত করিনি।’ তিনি বলেন, এ ছবির জন্য নতুন কোনো অভিনেতাকেও নেওয়া হতে পারে।’ টাইমস অব ইন্ডিয়া।