এবারের টুইটে 'মাস্তানি' দীপিকার ভিন্ন সুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাডুকোণ
দীপিকা পাডুকোণ

বক্স অফিস নিয়ে রীতিমতো যুদ্ধই চলছে সঞ্জয় লীলা বনশালীর ‘বাজিরাও মাস্তানি’ এবং রোহিত শেঠির দিলওয়ালে ছবির। এই ১৮ ডিসেম্বর মুক্তি পেয়েছে বলিউডের এই দুই বড় বাজেটের ছবি। অবশ্য, বক্স অফিস নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চললেও ‘বাজিরাও’ ছবির ‘মাস্তানি’ দীপিকা পাডুকোণ কিন্তু ‘দিলওয়ালে’ ছবির শাহরুখ খানসহ এ ছবির সবার জন্য উষ্ণ শুভকামনা জানিয়েছেন।

যদিও কিছুদিন আগে এই দুই ছবির মুক্তির দিন এক হওয়ায় যখন পরিস্থিতি উত্তেজনায় টান টান হয়ে উঠছিল; সেসময় দীপিকা শাহরুখকে চ্যালেঞ্জ জানিয়ে টুইট করেছিলেন। এবারের টুইটে ভিন্ন সুর ‘মাস্তানি’ দীপিকার।
এবার টুইটারে এক মিষ্টি আবেগে ভরা উষ্ণ ভালোবাসার টুইট বার্তাই লিখেছেন দীপিকা পাডুকোণ। টুইটে এই ‘মাস্তানি’ অভিনেত্রী লিখেছেন, ‘শাহ (শাহরুখ) তোমাকে ভালোবাসি, খুব মিস করছি তোমাকে! রোহিত, তুমি আর দিলওয়ালে ছবির সবার জন্য অনেক অনেক ভালোবাসা।’
প্রসঙ্গত; এর আগে যখন নির্মাতা সঞ্জয় লীলা বনশালী তাঁর ‘বাজিরাও মাস্তানি’ ছবিটির মুক্তির দিন ঠিক করেছিলেন ২০১৫ সালের ডিসেম্বরের ১৮ তারিখ। সেসময় সেই একই দিনে শাহরুখ খানও তাঁর ‘দিলওয়ালে’ ছবির মুক্তি দেওয়ার কথা জানিয়েছিলেন। তখনই ঘটনার শুরু। অনেকেরই সেসময় ধারণা হয়েছিল সঞ্জয় লীলা বনশালী বোধ হয় এবারে ছবি মুক্তি দিনক্ষণ পাল্টাবেন; কিন্তু সেসময় সঞ্জয়ও নড়েননি আর এদিকে, তাঁর ছবির নায়িকা দীপিকা পাডুকোণ হঠাৎ​ করেই শাহরুখকে খোঁচা দিয়ে এক টুইটে লিখেছিলেন— ‘চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড’। বিষয়টা রীতিমতো যুদ্ধ ঘোষণারই শামিল। দীপিকার এই টুইটের অর্থ ছিল বাজিরাও টিম প্রস্তুত শাহরুখের এই চ্যালেঞ্জ নিতে।
অথচ, বলিউডের তারকা হয়ে উঠতে যে মানুষটি দীপিকাকে সবচেয়ে বেশি সহায়তা করেছেন তাঁর নাম— শাহরুখ খান। অথচ তাঁরই বিরুদ্ধে এমন টুইট। সেসময় দীপিকার আচরণে বিরক্ত হলেও নাকি উদারতার পরিচয় দিয়ে প্রকাশ্যে বিষয়টি নিয়ে মুখ খোলেননি শাহরুখ। আর দীপিকা নিজে পরিস্থিতি বুঝে মুছে ফেলেছিলেন তাঁর সেই ‘চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড’ টুইট।
যা হোক, এবারে ভিন্ন সুরেই কথা বলেছেন দীপিকা। শাহরুখ খানকে তাঁর এই উষ্ণ শুভকামনা জানানোর বিষয়টিই এর উজ্জ্বল প্রমাণ।