এভাবে প্রথমবার...

প্রথমবারের অনুভূতি কখনো দ্বিতীয়বার ফিরে আসে না—এ কথাটা খুব গুরুত্বের সঙ্গেই মেনে চলছেন কারিনা কাপুর। তাই তো প্রথমবার মা হওয়ার অভিজ্ঞতাকে দারুণভাবে উপভোগ করছেন এই অভিনেত্রী। দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, কাজের সময় কাজ করছেন, পরিবারকে সময় দিচ্ছেন—সবই সমান তালে আনন্দের সঙ্গে চালিয়ে যাচ্ছেন কাপুরকন্যা কারিনা। সন্তানসম্ভবা এই অভিনেত্রী সম্প্রতি হাঁটলেন র্যাম্পেও। আবেগময় সেই মুহূর্তটি নাকি কারিনার মনে সারা জীবনের জন্য দাগ কেটে গেছে। মঞ্চ থেকে নেমে সাংবাদিকদের তিনি বললেন, ‘সবার আন্তরিক চেষ্টায় এই মুহূর্তটি আমার জীবনে স্মরণীয় হয়ে রইল। এবারই প্রথম আমরা (অনাগত সন্তানকে উদ্দেশ করে) একসঙ্গে র্যাম্পে হাঁটলাম। এটা একটা অভাবনীয় মুহূর্ত আমার জীবনের।’
চলতি ‘ল্যাকমে ফ্যাশন উইক উইন্টার/ফেস্টিভ ২০১৬’-তে ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা লেহেঙ্গা পরে মঞ্চে উঠেছিলেন কারিনা কাপুর খান। অন্তঃসত্ত্বা এই অভিনেত্রীকে সাহস জোগাতে দর্শকসারিতে হাজির ছিলেন তাঁর বোন কারিশমা কাপুর, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, কাজল আগারওয়ালসহ বলিউডের আরও অনেক চেনাজন ব্যিক্ত।
আগামী ডিসেম্বর নাগাদ সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের সংসারে আসবে নতুন অতিথি—বিষয়টি বেশ আগে কাপুর ও খান পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। আর এবার র্যাম্পে সন্তানসম্ভবা কারিনার গোলাপি আভা ছড়ানো হাসি ও তাঁর শরীরী ভাষা জানান দিল প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাতে কতটা অধীর হয়ে আছেন এই অভিনেত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেস।