এমরান হাশমি এবার প্রযোজনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমরান হাশমি
এমরান হাশমি

বলিউড অভিনেতা কিছুদিন আগেই লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। ছেলে আয়ান হাশমির ক্যানসারের সঙ্গে যুদ্ধজয় ও সেই কঠিন সময়ে তাঁর স্ত্রী পারভিন শাহানির সংগ্রামের গল্প নিয়ে একটি বই লিখেছেন তিনি। বইটির নাম ‘দ্য কিস অব লাইফ’। এবার এই অভিনেতা চলচ্চিত্র প্রযোজনায় হাত দিতে যাচ্ছেন। তাঁর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এমরান হাশমি ফিল্মসের ব্যানার থেকে খুব শিগগির চলচ্চিত্র নির্মাণ করবেন তিনি।

এই কাজে অবশ্য তিনি একা নন; পরিচালক টনি ডি’সুজা তাঁর সঙ্গে থাকবেন। টনির পরিচালনায় এমরানের ‘আজহার’ ছবিটি মুক্তি পেয়েছে গত মাসেই। এই প্রসঙ্গে এমরান হাশমি বলেন, ‘প্রযোজক হতে যাচ্ছি—এই বিষয়টা ভাবতেই আনন্দ লাগছে। টনির সহযোগিতায় এই কাজ করব। ও প্রচণ্ড প্রতিভাবান একজন নির্মাতা আর আমার ভালো বন্ধুও বটে।’

এদিকে ‘আজহার’-এর সফলতার পর আবারও দুজন একসঙ্গে কোনো কাজ করতে যাচ্ছেন ভেবে টনি ডি’সুজাও বেজায় খুশি। তিনি মন্তব্য করেন, ‘“আজহার”-এর সাফল্যের পর নতুন এই উদ্যোগ নিতে পেরে আমি আর এমরান দুজনেই খুব খুশি। তবে এখনই আমরা আমাদের চলচ্চিত্রের বিষয়ে সবকিছু খোলাসা করতে পারছি না। আমরা এখন ছবির চিত্রনাট্য আর শিল্পী নির্বাচনের বিষয়টি চূড়ান্ত করছি।’

এমরান জানিয়ে দিয়েছেন, তিনি দর্শকদেরকে সুন্দর একটি ছবি উপহার দিতে চান, যার বিষয়বস্তু ভালো হবে এবং বিনোদনও থাকবে সমানে সমান।
সূত্র: এনডিটিভি