এমরান হাশমির বেদনার কাব্য

প্রথমে আপনার মনে প্রশ্ন আসতে পারে বইটি মূলত ছেলেকে নিয়ে। কর্কট রোগের সঙ্গে যুদ্ধ করে ছেলের বেঁচে থাকা এবং পুরো পরিবারের সংগ্রাম মূর্ত হয়েছে বইটিতে। তাহলে কেন বইটির নাম এমন হলো? এখানে ছেলের সঙ্গে সম্পর্ক কই?
এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দেন স্বয়ং এমরান। তিনি বলেন, ‘প্রথমে ঠিক করেছিলাম অন্য একটা নাম। ভেবেছিলাম “সুপারহিরো কিডস” নাম দিলে কেমন হয়? কিন্তু বই প্রকাশক সংস্থা বলল, পাঠকদের একাংশ হয়তো এই নামটার মানে বুঝবে না! আমি ছেলেকে সুপারহিরো মনে করি৷ তাই এমন একটা নাম মাথায় এসেছিল৷ এরপর একদিন রান্না করতে করতে এই নামটা মাথায় চলে এল।’
এমরান হাশমি, যে নামের সঙ্গে জড়িয়ে আছে ‘সিরিয়াল কিসার’ বিষয়টি! পর্দায় কোন নায়িকাকে চুমু খেলেন এমরান, চুমুটা কত বড়, এসব নিয়ে সব সময়ই আলোচনা হয়৷ বেশির ভাগই সমালোচনা ও কৌতুক। তাহলে এমরান, এমন একটি নাম দিয়ে ওই সব সমালোচককে কিছু কি বুঝিয়ে দিলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মারণরোগের মুখ থেকে আয়ানকে ফিরতে দেখা, ওকে জড়িয়ে ধরা, কোলে নিয়ে চুমু খাওয়া...এই চুমুটাই সেরা মনে হয়!
ছোট্ট ছেলের এত বড় একটা অসুখ নিয়ে দিনযাপন। এর মাঝে অভিনয় করে গেছেন। কী করে এত সব সামলালেন? হতাশ কণ্ঠে এমরান বলেন, ‘আয়ানের ক্ষেত্রে আমরা সেকেন্ড স্টেজে বুঝতে পেরেছিলাম যে ও ক্যানসারে আক্রান্ত৷ এখন কথা বলতে গিয়ে মনে হচ্ছে পুরো সময়টা সাংঘাতিক দুঃখে ছিলাম, ডিপ্রেসড ছিলাম৷ কেমন মনে হয় ক্যানসার সবার মধ্যে গ্রো করছে, কারও সেটা প্রতিরোধ করার ক্ষমতা আছে৷ কারও নেই!’

প্রশ্ন ছিল, একজন বাবা যখন জানতে পারেন, তাঁর ছোট্ট ছেলের ক্যানসার, সেই মুহূর্তে ঠিক কী মনে হয়?
এমরান: নিজের ওপর জেদ হচ্ছিল। কেন আমার ছেলের এমন হলো। মনে হয়, বাবা হিসেবে কী ভুল করেছি৷ কী ভুল খাওয়ালাম৷ কী ভুল করলাম৷ যদিও সেটা সত্যি নয়৷ তবে যে ধারণাটা আমাদের দেওয়া হয়েছে—আয়ানের ক্ষেত্রে জেনেটিক ম্যালফাংশান ছিল যখন ও মাতৃগর্ভে, তখন থেকেই৷
এমন পরিস্থিতিতে ক্যারিয়ার নিয়ে কতটা ভেবেছেন এমরান? কাজে ব্যাঘাত ঘটেনি?
এমরান: বরং এ রকম সময় কাজে ডুবে যাওয়া একটা থেরাপির মতো কাজ করে৷ আয়ানের বিদেশে চিকিৎসা চলছে তখন৷ শুটিং করতে হবে৷ তাই ওকে মিথ্যে বলেই ওর কাছ থেকে চলে এসেছিলাম কিছুটা সময়৷ স্কাইপে যোগাযোগ রাখতাম৷ কিন্তু অপরাধ বোধ করতাম৷ ফিরে গিয়ে বলেছি খেলনা কিনতে গিয়েছিলাম৷ আমার ক্যারিয়ারে পিছিয়ে পড়ার ঘটনা ঘটেছে বলে মনে হয় না!
এমরান যোগ করেন, আসলে অভিনেতাদের জীবনে এত রকম সমস্যা থাকে প্রতিনিয়ত, সেটা সরিয়ে রেখেই একটা চরিত্রে অভিনয় করতে তাঁরা অভ্যস্ত৷ আমি ওইটুকু সময় ভুলে যেতাম বাড়িতে কী চলছে৷
আনন্দের খবর হলো, ছোট্ট ছেলেটি এখন পুরোপুরি সুস্থ। এমরান জানালেন, বড় ধরনের ধকলের পর ছেলেটা আরও বিচ্ছু হয়েছে। বাড়িতে এক মিনিটও বসে থাকে না। সারাক্ষণ দৌড়ে বেড়ায়৷ দেয়াল বেয়ে ওঠার চেষ্টা করে৷