এর নাম 'শত্রুতা'!

রুপালি পর্দায় নয়, আসল ‘নাটক’ তো চলে বলিউডের শুটিং ফ্লোর আর প্রযোজনা সংস্থাগুলোতে। এ যেন আরেক মেলোড্রামা। প্রেম আছে, ভালোবাসা আছে; আছে ঈর্ষা, ঘুঁটি চালাচালি। এ-ওকে ল্যাং মারার নিপুণ ছক। বলিউডের রানিদের মধ্যেও চলে সুয়োরানি-দুয়োরানিদের ‘ঝগড়া’। শোনা গেল, সোনম কাপুর আর সোনাক্ষী সিনহার মধ্যেও নাকি চলছে তেমনই ঠান্ডা লড়াই।
সম্প্রতি একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে দুজন দুজনকে এড়িয়ে গেছেন বলে খবর রটেছিল। একটি বিনোদন চ্যানেলের টুইটার পেজ থেকে এমনই টুইট করা হয়। সোনমও সঙ্গে সঙ্গে পাল্টা টুইট করে লেখেন, ‘সোনা, তোকে কবে এড়িয়ে গেলাম মনেই তো পড়ছে না রে! কী কী সব খবর লেখে ওরা!’ সোনাক্ষীও টুইট করেন, ‘ঠিকই বলেছিস। দুই দিন আগেই দুজনে যে ঘুরলাম একসঙ্গে, ওটার সেলফি তুলে রাখা উচিত ছিল প্রমাণ হিসেবে। পরেরবার আর ভুল হবে না।’
সোনম শেষে টুইট করেন, ‘সোনা, সোনার ওপর কি কেউ রাগ করতে পারে!’ টিওআই।