ঐশ্বরিয়ার জন্মদিনে ব্যতিক্রমী উপহার

চার বছর ধরে বড়পর্দায় অনুপস্থিত বলিউডের অন্যতম সফল অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। তাঁর অভিনীত সর্বশেষ ছবি গুজারেশ মুক্তি পায় ২০১০ সালে। অবশেষে অগণিত ভক্ত ও দর্শকের চাওয়া পূরণ করতে জাজবা ছবির মাধ্যমে বলিউডে ফিরছেন তিনি। গতকাল ১ নভেম্বর ছিল ঐশ্বরিয়ার ৪১তম জন্মদিন। জন্মদিনে তাঁকে বিশেষ একটি উপহার দিয়েছেন জাজবা ছবির পরিচালক সঞ্জয় গুপ্ত। তিনি প্রতিদিন ১৮ ঘণ্টা পরিশ্রম করে ঐশ্বরিয়ার জন্য জাজবা ছবির টিজার তৈরি করেছেন আর জন্মদিনে উপহার দিয়েছেন এই টিজার।
এ প্রসঙ্গে সঞ্জয় বলেন, ‘জন্মদিনে টিজার উপহার দেওয়ার ভাবনা আমার মাথায় আসে অনেক দেরিতে। একদিন ভাবলাম, জন্মদিনে ঐশ্বরিয়াকে জাজবা ছবির তিন মিনিটের একটি টিজার উপহার দিলে কেমন হয়। এ ভাবনা মাথায় আসার পরপরই কাজ শুরু করে দিলাম। তবে ঐশ্বরিয়াকে কিছুই জানতে দিইনি আমি। নির্ধারিত সময়ের মধ্যে টিজার তৈরি করতে প্রতিদিন আমাকে ১৮ ঘণ্টা পরিশ্রম করতে হয়েছে।’ এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
জন্মদিনে স্বামী অভিষেক ও একমাত্র মেয়ে আরাধ্যর কাছ থেকেও জন্মদিনের উপহার পেয়েছেন ঐশ্বরিয়া। এ ছাড়া বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনদের কাছ থেকেও অনেক উপহার পেয়েছেন তিনি। গত ২৩ অক্টোবর অভিষেক অভিনীত হ্যাপি নিউ ইয়ার ছবির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয় দুবাইয়ে। তখনই স্ত্রীকে জন্মদিনের উপহার দেওয়ার জন্য দুবাই থেকে কেনাকাটা করেন অভিষেক। আর জন্মদিন উপলক্ষে বিশেষভাবে নকশা করা একটি কার্ড তিনি উপহার পেয়েছেন মেয়ে আরাধ্যর কাছ থেকে।
একদিকে অভিষেক অভিনীত হ্যাপি নিউ ইয়ার ছবি বক্স অফিসে ঝড় তুলেছে। অন্যদিকে দীর্ঘদিন পর জাজবা ছবির মাধ্যমে বলিউডে ফিরছেন ঐশ্বরিয়া। এত সব আনন্দকে উপলক্ষ করে অ্যাশের ঘটা করে জন্মদিন পালন করাটাই স্বাভাবিক ছিল। কিন্তু তিনি তা করেননি। পরিবারের সদস্যদের সঙ্গে ঘরোয়াভাবে জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করেছেন ঐশ্বরিয়া।
আরও পড়ুন: