ঐশ্বরিয়ার অনীহার কারণ...

সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি ঐশ্বরিয়া রাই বচ্চনের অনীহার বিষয়টি নতুন নয়। তবে এবার তিনি স্পষ্ট করেই জানালেন কেন সামাজিক যোগাযোগমাধ্যম তাঁর এতটা অপছন্দ। তাঁর ধারণা ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগমাধ্যমগুলো মানুষকে একেবারে অলস করে দিয়েছে।
সাবেক এই বিশ্বসুন্দরী বলেন, ‘আমরা অজুহাত দিতে একটুও দেরি করি না। কাজ-ব্যক্তিজীবন—সব ক্ষেত্রেই আমাদের অজুহাত দেওয়া চাই। আমাদের সব ব্যস্ততাই এখন সামাজিক যোগাযোগমাধ্যম ঘিরে। সারাক্ষণ শুধু সেখানেই থাকা চাই।’
এই তারকা আরও বলেন, ‘আমরা আজকাল আমাদের ফোন নিয়ে এতই ব্যস্ত থাকি যে পাশের মানুষটির দিকেও তাকাই না। আমি খেয়াল করেছি, মানুষের সঙ্গে কথা বলার সময়টুকুও আমাদের নেই।’
২৮ অক্টোবর মুক্তি পাবে ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। ছবিটি পরিচালনা করেছেন করণ জোহর। এ ছবির প্রচারাভিযানে বেরিয়েই ঐশ্বরিয়া সাংবাদিকদের এসব কথা জানালেন। বলিউড বাবল।