ঐশ্বরিয়ার আগাম ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাই
ঐশ্বরিয়া রাই

চার বছর! দীর্ঘ বিরতি। সন্তানের জন্য নিজের ক্যারিয়ারকে লম্বা ছুটিতে পাঠানো ঐশ্বরিয়া রাই আবারও ক্যামেরার সামনে ফিরছেন। এ তো পুরোনো খবর। নতুন খবর হলো, নির্ধারিত সময়ের ৪০ দিন আগেই শুরু হচ্ছে জাজবা ছবির শুটিং। অনিল কাপুর ও জন এব্রাহামের জন্য শুটিংয়ের দিনক্ষণ এগিয়ে আনতে হয়েছে। অন্য কোনো ছবিকে শিডিউল দিয়ে রাখেননি বলে ঐশ্বরিয়ারও আগে কাজ শুরু করতে আপত্তি নেই।
অনিল আর জন ওয়েলকাম ব্যাক ছবির জন্য ব্যস্ত থাকবেন। ২০০৭ সালে মুক্তি পাওয়া সুপারহিট কমেডি ছবি ওয়েলকাম-এর সিক্যুয়েলটির কাজ সময়মতো এগোচ্ছে না বলেই এই শিডিউল জটিলতা। ছবিটির প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা জাজবা পরিচালক সঞ্জয় গুপ্তের খুব কাছের বন্ধু। সম্প্রতি ফিরোজ ডেকে নিয়েছিলেন সঞ্জয়কে। দুজনের বৈঠকের পর সিদ্ধান্ত হয়, জানুয়ারির বদলে সঞ্জয় শুটিংয়ের সময় এগিয়ে আনবেন। সেখান থেকেই সঞ্জয় ঐশ্বরিয়াকে ফোন করে জেনে নেন, ডিসেম্বরে শুটিং শুরু হলে কোনো সমস্যা আছে কি না। ঐশ্বরিয়া সবুজসংকেত দেন।
এতে অ্যাশ ভক্তদের খুশি হওয়ারই কথা। প্রিয় নায়িকা যত দ্রুত কাজে ফিরছেন, সেটাই তো তাদের জন্য সুখের সংবাদ! টাইমস অব ইন্ডিয়া