ঐশ্বরিয়ার চেয়ে কম পারিশ্রমিক পেয়েছিলেন অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিশ্রমিকের অসমতা আর লিঙ্গবৈষম্য নিয়ে বলিউডে প্রায়ই বাগ্‌বিতণ্ডা তৈরি হয়। নানা সময়েই এ নিয়ে সোচ্চার হয়েছেন অনেক অভিনেত্রী। তাঁদের অভিযোগ, পুরুষ সহকর্মীদের চেয়ে সব সময় কম পারিশ্রমিক এবং সুবিধা পান তাঁরা। বলিউড তারকা অভিষেক বচ্চনের ব্যক্তিগত অভিজ্ঞতা কিন্তু উল্টো। একাধিক ছবিতে স্ত্রী ঐশ্বরিয়া রাইয়ের চেয়ে কম পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।

অভিষেক বচ্চন
ছবি : ইনস্টাগ্রাম

বলিউডের লিঙ্গবৈষম্য নিয়ে অভিষেক বলেছিলেন, আসলে শিল্পীর যোগ্যতা অনুযায়ীই পারিশ্রমিক দেওয়া হয়। তিনি বলেন, ‘ঐশ্বরিয়ার সঙ্গে নয়টি সিনেমায় একসঙ্গে কাজ করেছি। এর মধ্যে আটটি ছবিতেই তাঁকে আমার চেয়ে বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছিল। ‘পিকু’তে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। চলচ্চিত্র একটা ব্যবসা। আপনি যদি ভালো শিল্পী হন, ভালো পারিশ্রমিক পাবেন। আপনি ভালো অভিনেত্রী না হলে কখনই শাহরুখ খানের সমান পারিশ্রমিক দাবি করতে পারেন না।’

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন।
ছবি: সংগৃহীত

অভিষেক জানিয়েছিলেন, তাঁর ঘরের দুই নারী শিল্পী—স্ত্রী ঐশ্বরিয়া আর মা জয়া বচ্চন। এই দুই নারীকে তিনি অসম্ভব শ্রদ্ধা করেন। অভিষেক বলেন, ‘আমার জীবনের দুই নারী যাঁরা আমার হৃদয়ের মানুষ, আমার মা ও আমার স্ত্রী। আমি তাঁদের অত্যন্ত শ্রদ্ধা করি। কারণ, এই দুই নারী ফিল্মে নিজেদের শর্ত অনুযায়ী কাজ করেছেন। তাঁরা এমন কোনো কাজই করেননি, যা তাঁরা করতে চাননি।’

২০০৭ সালে বিয়ে করেন ঐশ্বরিয়া ও অভিষেক। ২০১১ সালে মা–বাবা হন। অভিষেককে এবারে দেখা যাবে ‘বব বিশ্বাস’ ছবিতে। সুজয় ঘোষের ‘কাহানি’ ছবির অত্যন্ত জনপ্রিয় চরিত্র বব বিশ্বাসকে নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে। এ ছাড়া জুনিয়র বচ্চনকে দেখা যাবে ‘দশবি’ সিনেমায়। ছবিটায় তাঁর সঙ্গে আছেন নির্মিত কাউর, ইয়ামি গৌতম। অন্যদিকে পরিচালক মণিরত্নমের সঙ্গে ‘পোন্নিয়িন সেলবন’ ছবিতে কাজ করতে যাচ্ছেন ঐশ্বরিয়া রাই।