ঐশ্বরিয়ার দরজায় কপিলের অর্ধচন্দ্র

হাসিখুশি কপিল, হাসাতে ভালোবাসেন দর্শকদেরও। কিন্তু এবার সেই কপিল কিনা ঐশ্বরিয়ার দরজা থেকে অর্ধচন্দ্র খেয়ে ফিরলেন?
সেদিন শুটিংয়ের অবসরে ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সাধারণত সেখানে খুব ঘনিষ্ঠজন ছাড়া অন্য কারও ঢোকা বারণ। আর সেখানে হঠাৎ ঢুকে পড়েন কপিল শর্মা। কিন্তু বেচারাকে কিছুক্ষণের মধ্যেই ঘাড় ধরে বের করে দেন ঐশ্বরিয়ার দেহরক্ষীরা। দৃশ্যটা দেখেও ফেলেছেন অনেকে। ভেতরে গিয়ে কী এমন করলেন কপিল, যে তাঁকে দেহরক্ষী দিয়ে বের করে দিতে বাধ্য হলেন ঐশ্বরিয়া?

মানির মান পাহাড়সমান। মুখ খোলেননি কপিল। পুরো ঘটনা এড়িয়ে গেলেন তিনি। অন্যদিকে এ ঘটনায় ঘনিষ্ঠ মহলে নাকি চরম বিরক্তি প্রকাশ করেছেন নায়িকা।
তবে ঘটনার পেছনে আরও ঘটনা খুঁজছেন সমালোচকেরা। এটি নাটক নয়তো? অনেকে বলছেন, আসলে ছোটপর্দায় কপিলের জনপ্রিয় শো ‘কমেডি নাইটস উইথ কপিল শর্মা’তে তাঁর আগামী ছবি ‘জজবা’র প্রচারণায় আসবেন ঐশ্বরিয়া। তাই তাঁর ঘরে কপিলের অনুপ্রবেশ এবং সেখান থেকে দেহরক্ষীদের দিয়ে কপিলকে বের করে দেওয়া-সবই আগামী ছবির প্রচারণার নতুন কৌশল। ইন্ডিয়ান এক্সপ্রেস।