ঐশ্বরিয়ার নতুন মা

জজবা দিয়ে শুধু রুপালি পর্দায় নয়, পুরস্কার মঞ্চেও ফিরলেন। ঐশ্বরিয়া রাই বচ্চনের ফেরাটা আরও স্মরণীয় হয়ে থাকল। রেখার কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে গিয়ে রেখাকে ‘মা’ ডেকে বসলেন অ্যাশ!
বলিউডি গালগপ্পে অনেক দিনই মুখরোচক মসলার জোগান দিয়েছে রেখা ও অমিতাভ বচ্চনের প্রেমের গুঞ্জন। এ নিয়ে রেখার সঙ্গে জয়া বচ্চনের সম্পর্ক সাইবেরিয়ার বরফ হয়ে ছিল এত দিন। সেই বচ্চন খানদানের বউ কিনা রেখাকেই ডেকে বসলেন মা?
স্টারডাস্ট অ্যাওয়ার্ডে পুরস্কার নেওয়ার সময় ঐশ্বরিয়া বলেছেন, ‘মায়ের কাছ থেকে এমন একটা পুরস্কার নেওয়ার মাহাত্ম্যই অন্য রকম।’ রেখাও বললেন, ‘আমিও আশা করি, আরও অনেকবার এই পুরস্কার তোমার হাতে তুলে দিতে মঞ্চে উঠব।’
দর্শকসারির সামনে বসা ঐশ্বরিয়ার শাশুড়ি মা জয়া বচ্চনের প্রতিক্রিয়া কেমন ছিল? গর্বের হাসি। জয়াও এদিন রেখাকে জড়িয়ে ধরেছেন! এমন দৃশ্য সর্বশেষ কবে দেখা গিয়েছে, তা জানতে অবসরে যাওয়া বলিউড সাংবাদিকদের কাছেই খোঁজ নিতে হবে। ইন্ডিয়া টুডে।