ঐশ্বরিয়ার পাশে বচ্চন পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবারের সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চন
পরিবারের সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চন

কিছুদিন আগেই বাবা হারিয়েছেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। বাবা হারানোর শোক সামলাতে তাঁর সময় লাগবে এটাই স্বাভাবিক। মানসিকভাবে স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাই কাজ থেকে দূরে থাকছেন ঐশ্বরিয়া। তাঁর এই কঠিন সময়ে স্বামী অভিষেকসহ শ্বশুরবাড়ির সবাই তাঁর পাশে থাকছেন। 

বচ্চন পরিবারের ঘনিষ্ঠ একজন জানান, আন্তর্জাতিক সব অনুষ্ঠানে ঐশ্বরিয়ার সঙ্গে তাঁর মা বৃন্দা রাই ও মেয়ে আরাধ্য বচ্চন থাকলেও বাবা কৃষ্ণরাজ রাইয়ের সঙ্গে অ্যাশের বন্ধন ছিল সবচেয়ে দৃঢ়। বাবার মৃত্যুতে তাই ভীষণ ভেঙে পড়েছেন এ অভিনেত্রী। এমন পরিস্থিতিতে স্ত্রীকে একা রেখে আপাতত কাজে যাচ্ছেন না অভিষেক বচ্চন। এমনকি অ্যাশের শ্বশুর অমিতাভ বচ্চনও সব ধরনের শুটিং ও ছবির প্রচার থেকে এই কয়টা দিন দূরে থাকছেন।
ঐশ্বরিয়ার বাবার মৃত্যুর পরদিনই শাহরুখ খানের সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল ‘বিগ বি’র। কিন্তু তিনি সেই অনুষ্ঠানে অংশ নেননি। এই মুহূর্তে ছবির প্রচারে অংশ নেওয়াটাও শোভন মনে করছেন না এই তারকা। অমিতাভের এ সিদ্ধান্তের জন্য তাঁর আসন্ন ছবি ‘সরকার ৩’–এর মুক্তি ৭ এপ্রিল থেকে ১২ মে-তে নেওয়া হয়েছে।
১৮ মার্চ ভারতের মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই মারা যান। বেশ কিছুদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। বলিউড হাঙ্গামা।