ঐশ্বরিয়ার ব্যবহার বেশ মার্জিত : আনুশকা

নতুন ছবির প্রচারে এসে সহশিল্পী ঐশ্বরিয়ার স্মৃতিচারণা করলেন আনুশকা। বললেন, সহশিল্পী হিসেবে ঐশ্বরিয়ার ব্যবহার বেশ মার্জিত, সহশিল্পী হিসেবে দারুণ।
এমনিতে একে অপরের সম্পর্কে বলিউডে নারী শিল্পীদের খুব একটা ভালো কথা বলতে শোনা যায় না। এ লাইনেই হাঁটেন না শিল্পীরা।
ধারণ করা হচ্ছিল, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির দুই নায়িকা ঐশ্বরিয়া ও আনুশকা শর্মার ক্ষেত্রে এমনটি ঘটবে। কেননা ছবিতে মুখ্য নারী চরিত্রে অভিনয় করছেন আনুশকা শর্মা। আনুশকার তুলনায় ছোট্ট পরিসরের চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। এসব নিয়ে একটা ঝামেলা হবে বলে ধারণা করছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। পরিচালক বলছেন, ছবিতে দুই তারকার চরিত্র সম্পূর্ণ বিপরীত। তাই ঝামেলা হওয়া কথা নয়।
গত শনিবারের ঘটনা। আলোচিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর প্রচারে দুই তারকা পাশাপাশি বেশ খানিকটা সময় কাটালেন, আড্ডা দিলেন। একপর্যায়ে কথা বলতে গিয়ে আনুশকা পুরোনো দিনের স্মৃতিচারণা করলেন। ‘যখন আমি বলিউডের নতুন পথিক। আমাকে একদিন অমিতাভজি তাঁদের বাড়িতে একটা ঘরোয়া অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছিলেন। মাকে নিয়ে গিয়েছিলাম সেদিন। আমি খুব লজ্জা পাচ্ছিলাম। কেননা ওই অনুষ্ঠানে বলিউডের সব নামকরা তারকারা ছিলেন। কিন্তু ঐশ্বরিয়া আমাকে সাহস দেন। ড্রিংকস নিয়ে এসে আমার সঙ্গে শেয়ার করেন, আমরা আড্ডাও মেরেছিলাম।’ ঐশ্বরিয়াও অনুষ্ঠানে আনুশকার প্রশংসা করেন।
‘টিন এজ লাভ স্টোরি’র মাস্টার মেকার–খ্যাত করণ জোহার ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটিতে অন্য পথে হেঁটেছেন। সম্পর্কের গভীরতা, মন ভাঙা-গড়া, প্রেমের পরিপূর্ণতা নিয়ে করণের এবারের ছবির কাহিনি।
সূত্র : আইবিএন লাইভ।