ঐশ্বরিয়ার সঙ্গে ঝগড়া?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুম্বাই বিমানবন্দরে তোলা এই ছবি ব্যবহার করে অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা হয়
মুম্বাই বিমানবন্দরে তোলা এই ছবি ব্যবহার করে অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা হয়

প্যারিস আর লন্ডনে ছুটি কাটিয়ে ফুরফুরে মন নিয়ে দেশে ফেরেন অভিষেক বচ্চন। কিন্তু তাঁর মনের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিমানবন্দর থেকে বাসায় ফিরে ইংরেজি অনলাইন নিউজ পোর্টালের একটি খবর দেখে মেজাজ গেল চড়ে। বিমানবন্দর থেকে বাসায় ফিরতে যে সময়টুকু লেগেছে, তাঁর মধ্যেই সেই নিউজ পোর্টালে লেখা হয়েছে, ‘অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়ার সংসারে ঝড়!’ সেখানে আরও লেখা হয়েছে, এই দুই তারকা মাঝে মনোমালিন্য চলছে, তাঁদের ঝগড়া হয়েছে। আর তাই বিমানবন্দরে আরাধ্যর হাত অভিষেককে ধরতে দেননি ঐশ্বরিয়া।

সংবাদের সঙ্গে মুম্বাই বিমানবন্দরে তোলা একটি ছবি দেওয়া হয়। ছবিতে দেখা যায়, মা ঐশ্বরিয়া রাই বচ্চনকে জড়িয়ে ধরে হাঁটছে ছোট্ট আরাধ্য আর বাবা অভিষেক বচ্চন তাঁদের থেকে কিছুটা দূরে। খবরটি কিছুক্ষণের মধ্যেই দ্রুত ছড়িয়ে পড়ে। আর তা পৌঁছে যায় বচ্চন পরিবারেও। কারণ, এরই মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে এই তারকা দম্পতি আর তাঁদের পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

নিজের রাগ আর ক্ষোভ কিছুটা কমার পর টুইটারে অভিষেক বচ্চন লিখেছেন, ‘সবার প্রতি সম্মান রেখে বলছি, দয়া করে এমন মিথ্যা খবর প্রচার করবেন না। আমি জানি, পাঠকদের জন্য প্রতিমুহূর্তের খবর আপনাদের দিতে হয়। যদি এ খবর আপনারা দায়িত্বপূর্ণভাবে আর নির্ভুলভাবে পরিবেশন করেন, তাহলেই খুশি হব। ধন্যবাদ।’ তাঁর এই টুইট বার্তার পর কিছুক্ষণের মধ্যেই খবরটি সরিয়ে নেয় অনলাইন নিউজ পোর্টাল।

মুম্বাই বিমানবন্দরে অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন আর আরাধ্য
মুম্বাই বিমানবন্দরে অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন আর আরাধ্য

‘ফ্যানে খান’ ছবির কাজের পর গত ১০ জুলাই ছুটি কাটাতে প্যারিস যান ঐশ্বরিয়া রাই বচ্চন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মা বৃন্দা রাই আর মেয়ে আরাধ্য। একই সময় বাবা অমিতাভ বচ্চনকে নিয়ে বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনাল ও ফাইনাল খেলা দেখার জন্য রাশিয়া যান অভিষেক বচ্চন। প্যারিসে গিয়েই আরাধ্যকে নিয়ে ডিজনিল্যান্ড যান ঐশ্বরিয়া। আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে আরাধ্যর সঙ্গে ছবি তুলেছেন। প্যারিস থেকে মেয়েকে সঙ্গে নিয়ে লন্ডনে যান ঐশ্বরিয়া। তাঁদের সঙ্গে যোগ দিতে রাশিয়া থেকে উড়ে যান অভিষেক বচ্চন। সেখানে তাঁরা একসঙ্গে কয়েকটি দিন কাটিয়েছেন। এরপর মুম্বাই ফিরেছেন গতকাল সোমবার।

তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন আবার একসঙ্গে বড় পর্দায় হাজির হচ্ছেন। সর্বশেষ এই জুটিকে ২০১০ সালে পরিচালক মণিরত্নমের ‘রাবণ’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর আর দেখা যায়নি। জি-নিউজ ও হিন্দুস্তান টাইমসের খবরে জানা গেছে, অনুরাগ কাশ্যপের নতুন সিনেমায় অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন জুটি হতে যাচ্ছেন। শিগগিরই বিস্তারিত জানানো হবে প্রযোজনা সংস্থা থেকে। সিনেমায় অনুরাগকে পরিচালকের ভূমিকায় নয়, দেখা যাবে প্রযোজকের ভূমিকায়। সিনেমাটি পরিচালনা করবেন সরভেশ মারওয়া। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার জন্য এখন অপেক্ষা করতে হবে। আর ৩ আগস্ট মুক্তি পাচ্ছে ঐশ্বরিয়া রাই বচ্চনের নতুন ছবি ‘ফ্যানে খান’।