ও-ই আমার পৃথিবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বাঁধন
বাঁধন

গতকাল সোমবার থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছে ধারাবাহিক নাটক অন্তর্জাল। এতে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ ছাড়া আজ থেকে বাংলাভিশনে দেখানো হবে মিলার বারান্দা নামে আরও একটি ধারাবাহিক। এতেও কয়েক দিনের মধ্যে দেখা যাবে বাঁধনকে। দুটি ধারাবাহিকে অভিনয় নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।

গতকাল থেকে আপনার নতুন ধারাবাহিক শুরু হয়েছে। আজ থেকে আরও একটি! ইদানীং কি ধারাবাহিক নাটক বেশি করা হচ্ছে?
একদম ঠিক। আসলে একক নাটকগুলোর শুটিং করতে করতে অনেক রাত হয়ে যায়। এতে বেশ সমস্যায় পড়তে হয়। তাই ধারাবাহিক নাটক বেশি করছি। কারণ, এটা নিয়ম মেনে এবং নির্দিষ্ট দিনগুলোতে শুটিং হয়। তাই আমার পরিবার ও মেয়েকে সময় দেওয়া খুব সহজ হয়।
নাটক দুটি নিয়ে কী মনে হচ্ছে?
মাছরাঙা টেলিভিশনে অন্তর্জাল নাটকটির শুটিং হয়েছে বছর খানেক আগে। এটি রচনা করেছেন কামরুল আহসান এবং পরিচালনা জাহিদুল ইসলাম। এই মুহূর্তে ঠিকঠাক গল্পটি বলতে পারব না। তবে ধারাবাহিকটি দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি। আর বাংলাভিশনে সাগর জাহানের মিলার বারান্দায় আমার অংশের শুটিং এখনো শুরু হয়নি। তবে নাটকটির প্রচার যেহেতু শুরু হচ্ছে, তাই শিগগিরই এর শুটিংয়ে যুক্ত হব।
অন্যান্য কাজ কেমন চলছে?
ওই যে বললাম, ধারাবাহিক নাটকই বেশি করছি। কৌতুকবিষয়ক রিয়েলিটি শো ‘হা শো’-তে বিচারক হিসেবে থেকেও দারুণ অভিজ্ঞতা হয়েছে। অনেক দিন পরে একটা সাড়া জাগানো অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। সব শ্রেণির মানুষই এটি দেখে বলে আমার মনে হয়।
আপনার মেয়ে সায়রা কেমন আছে?
অনেক ভালো। ও এখন নিয়মিত স্কুলে যাচ্ছে। আসলে আমি ওকে একটু ওর মতো করে বড় করতে চাই। ওকে ঠিকমতো সময় দেওয়া, ওর চাহিদা পূরণ করা, ওকে নিয়ে বেড়ানো—সবই করতে হয় আমাকে। বলতে পারেন, ও-ই আমার পৃথিবী।
এত কাজের ফাঁকে কি বই পড়া কিংবা সিনেমা-নাটক দেখার সুযোগ হয়?
আমি খুব বইয়ের পোকা। কিন্তু ইদানীং এত ব্যস্ত থাকি যে বই পড়ার একদমই সময় পাই না। কদিন আগে বজরঙ্গি ভাইজান ছবিটি দেখেছি। ছোট্ট মেয়েটির অভিনয় এত ভালো লেগেছে যে বোঝাতে পারব না।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক