কঙ্কণা রনভির আলাদা হলেন

অবশেষে তাঁরা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে নিলেন। অভিনেত্রী কঙ্কণা সেন শর্মা আর রনভির শোরে সমঝোতার ভিত্তিতেই তাঁদের পাঁচ বছরের যুগল জীবনের অবসান ঘটালেন। বেশ ক’বছর ধরেই রটনা ছিল, তাঁরা আলাদা হয়ে যাচ্ছেন। দুজনের টুইটার-বার্তা বুঝিয়ে দিল, যা রটে, তা বটে! দুজনেই আজ সোমবার দুপুরে টুইটারে জানিয়েছেন এই বিচ্ছেদের কথা।
কঙ্কণা লিখেছেন, রনভির আর আমি দুজনে মিলেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পরস্পরের বন্ধু হিসেবে থাকব। আমাদের ছেলেকে দুজন মিলেই গড়ে তুলব।’ রনভিরও একই টুইট করেছেন, শুধু কঙ্কণার লেখা ‘রনভির’-এর জায়গায় তিনি ‘কঙ্কণা’ শব্দটি বসিয়ে দিয়েছেন।
হারুন নামে এই দম্পতির চার বছর বয়সী একটি ছেলে আছে। তাঁর দেখভালের দায়িত্ব দুজনেই পালন করবেন।
২০০৭ সাল থেকে মন দেওয়া-নেওয়া চলছিল কঙ্কণা আর রনভিরের। একটি পারিবারিক অনুষ্ঠানে তাঁরা গাঁটছড়া বাঁধেন ২০১০ সালের ৩ সেপ্টেম্বর। ‘ট্রাফিক সিগনাল’, ‘মিক্সড ডাবল’, ‘আজা নাচলে’সহ আরও বেশ কিছু ছবিতে তাঁরা একসঙ্গে অভিনয়ও করেছেন।
২০১২ সাল থেকেই এই দম্পতির জীবনে টানাপোড়েন ছিল। সে বছর কঙ্কণা আলাদা থাকতে শুরু করেন। তখনই পত্রিকায় খবর বের হয়, এই বিয়ে বেশিদিন টিকবে না। বহু চেষ্টার পরও তাঁরা কাছাকাছি হতে পারেননি। টাইমস অব ইন্ডিয়া