কঙ্কনার ২ কোটি টাকার গুরুদক্ষিণা!

জীবনে অনেক চড়াই-উতরাই পার হতে হয়েছে অভিনেত্রী কঙ্গনা রনৌতকে। এই পথে তাঁকে যাঁরা সাহস ও উৎসাহ জুগিয়েছেন তাঁদের মধ্যে আছেন সূর্য নারায়ণ সিং। তাঁর কাছে কঙ্গনা যোগব্যায়াম শিখতেন। সে অনেক বছর আগের কথা, এই অভিনেত্রীর বয়স তখন মাত্র ১৮। তখনো বলিউডে নাম লেখাননি কঙ্গনা। আজ এত খ্যাতি ও জনপ্রিয়তা পাওয়ার পরও তিনি তাঁর পুরোনো শিক্ষককে ভুলে যাননি। সম্প্রতি কঙ্গনা তাঁর যোগগুরুকে গুরুদক্ষিণা হিসেবে দিয়েছেন ২ কোটি রুপির একটি ফ্ল্যাট।
কঙ্গনার কাছের একটি সূত্র জানায়, ‘নারায়ণ সিং কোনো দিনও কঙ্গনার কাছে কিছু চাননি। কঙ্গনা নিজে থেকেই তাঁকে এই উপহার দেওয়ার কথা ভেবেছেন। নারায়ণ সিংয়ের প্রতি এটি তাঁর গুরুদক্ষিণা।’
কঙ্গনা অনেক দিন ধরেই ভাবছিলেন তাঁর গুরুকে যোগব্যায়ামের একটি সেন্টার খুলতে সাহায্য করবেন। তাই এমন একটি ফ্ল্যাট তাঁকে উপহার দিয়েছেন যেখানে তিনি শিক্ষার্থীদের যোগব্যায়ামের প্রশিক্ষণ দিতে পারবেন। এই ফ্ল্যাটের অন্দরসজ্জা কেমন হবে, সেটিও কঙ্গনাই তদারকি করছেন বলে জানা গেছে। ইন্ডিয়া টুডে।