কঙ্গনা চটেছেন সালমানের ওপর

এর আগেও বলিউডের তারকা সালমান খানের ওপর বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে চটেছেন অনেকেই। এ তালিকায় নতুন যুক্ত হয়েছেন কঙ্গনা রনৌত। বলিউডের এই ‘কুইন’ তারকা নাকি ইদানীং একেবারেই সহ্য করতে পারছেন না ‘ভাইজান’কে। সালমানের কথা উঠলেই কেন জানি চটে যাচ্ছেন তিনি!
অথচ বলিউডের অধিকাংশজনই জানেন ‘কাট্টি বাট্টি’ ছবিতে কঙ্গনা অভিনয় করেছিলেন সালমানের খানেরই অনুরোধে। শুরুর দিকে এ নিয়ে খুব স্বাভাবিকভাবেই কথা বলেছেন তিনি। কিন্তু ছবি মুক্তির পর এ সব কথা শুনে রীতিমতো তেলেবেগুনে রেগে যাচ্ছেন কঙ্গনা। সাফ সাফ বলে দিচ্ছেন, ‘রাখেন, এ সব কথা অনেক শুনেছি। এখন তো ছবি মুক্তি পেয়ে গেছে। আর সালমানের কথা শুনতে চাই না।’
কিন্তু হঠাৎ করে কেন এই রাগ, অভিমান? শেষপর্যন্ত অবশ্য এর কারণও জানা গেছে।
‘কুইন’, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ এর পর নারীকেন্দ্রিক চরিত্র করতে করতে তখন ক্লান্ত কঙ্গনা। প্রায় একই ধরনের অভিনয়ের কারণে বেশ হাঁপিয়েই উঠেছিলেন তিনি। ঠিক সে সময়েই তাঁর কাছে আসে ‘কাট্টি বাট্টি’ ছবির এ অফার। তিনি নিউ ইয়র্কে থাকাকালীন সালমান নিজে তাঁকে ফোন করে এ ছবির চিত্রনাট্য শোনার অনুরোধ করেছিলেন। এর পরপরই এ ছবিতে সই করেন তিনি। কিন্তু এখন অনেকেই বলে বেড়াচ্ছেন, সালমানের অনুরোধ ফেলতে পারেননি কঙ্গনা। তাই এমনও হতে পারে চরিত্র অপছন্দ হলেও তাতে রাজি হতে হয়েছিল কঙ্গনার। আর এ কারণেই এই ‘কুইন’ তারকার সব রাগ গিয়ে পড়েছে ‘ভাইজান’ সালমান খানের ওপরেই। বিজনেস অব সিনেমা।