কঙ্গনা বিতর্কে সতর্ক সুরজ

বলিউডে সুরজের ক্যারিয়ার সবে শুরু হয়েছে। অমনি তাঁর বাবাকে জড়িয়ে শুরু হয়েছে ঝগড়া। বাবা আদিত্য পাঞ্চোলির সাবেক প্রেমিকা কঙ্গনা রনৌতের প্রেম নিয়ে চলছে তুমুল বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমের সেই বিতর্ক থেকে রেহাই পাচ্ছেন না পাঞ্চোলির সন্তানেরাও।
পাঞ্চোলি-কঙ্গনার প্রেম বিতর্কের কাদা ছিটে এসে লাগছে ছেলে সুরজ পাঞ্চোলি ও কন্যা সানা পাঞ্চোলির দিকে। ক্যারিয়ারের শুরুতেই এসবের মধ্যে জড়াতে চান না সুরজ। গণমাধ্যমের কাছে তাঁর বিনীত অনুরোধ, তাঁদের দুই ভাইবোনকে যেন এর ভেতরে জড়ানো না হয়।

তিনি বলেন, ‘এটা এমনই এক বিষয়, যেটা বছরের পর বছর আমি এড়িয়ে চলতে চেষ্টা করেছি। আমাদের এর সঙ্গে জড়াবেন না।’ তিনি তাঁদের দুই ভাইবোনের অবস্থা বোঝার অনুরোধ করেছেন। মুছে ফেলেছেন নিজের টুইটার অ্যাকাউন্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে এ–সংক্রান্ত কোনো পোস্টে তাঁদের ট্যাগ না করার অনুরোধ জানিয়েছেন সুরজ।
বাবা আদিত্য পাঞ্চোলির সঙ্গে ‘ঠোঁটকাটা’ অভিনেত্রী কঙ্গনা রনৌতের প্রেম ছিল অনেক বছর আগে। এই অভিনেত্রীর অভিযোগ, সেই সময়ে তাঁকে ঘর থেকে বের হতে দিতেন না আদিত্য। এটা ফাঁস করার কারণে বাগ্বিতণ্ডা বেধেছে আদিত্য ও কঙ্গনার বোন রাঙ্গলির মধ্যে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো সরগরম। সূত্র: হিন্দুস্তান টাইমস।