কঙ্গনা যেসব খাবার রাঁধতে ভালোবাসেন

বক্স অফিস নিয়ে এতটুকুও বিচলিত নন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রনৌত। কারণ, তাঁর অভিনয় সমালোচকদের মুখ বন্ধ করার জন্য যথেষ্ট। ‘পাঙ্গা’ ছবির রিভিউয়ে একাধিকবার বলা হয়েছে, কঙ্গনা রনৌতের অভিনয় তাঁর চতুর্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য যথেষ্ট। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পাঙ্গা’ ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তবে বিটাউনের এই মনিকর্ণিকার জয়জয়কার সর্বত্র।
তার ওপর কঙ্গনার সাফল্যের মুকুটে নতুন সংযোজন ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পুরস্কার। তিনবার জাতীয় পুরস্কার জয়ের পর এবার দেশের অন্যতম সর্বোচ্চ সম্মানে সম্মানিত হলেন এই বলিউড সুন্দরী। তবে পর্দায় বা গণমাধ্যমে যতই দাপট থাকুক, ব্যক্তিগত জীবনে একদম ঘরোয়া কঙ্গনা।

সম্প্রতি এক অনুষ্ঠানে কঙ্গনা তাঁর ব্যক্তিগত জীবনের কিছু কথা তুলে ধরেন। এই বলিউড অভিনেত্রী জানান কীভাবে তিনি মনের যত্ন নেন, নিজেকে মানসিকভাবে সুস্থ রাখেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবসরে বই পড়তে আর যোগব্যায়াম করতে আমার দারুণ লাগে। পাশাপাশি আমি রান্না করতেও ভালোবাসি। এ সবকিছুই আমাকে মানসিকভাবে সুস্থ আর ফুরফুরে রাখে।’
কঙ্গনা আরও বলেন, ‘রান্না করতে আমি দারুণ ভালোবাসি। রান্না আমার কাছে আবেগ। ছোটবেলায় আমি আমার মায়ের কাছে রান্না শিখেছি। বলতে পারেন রান্নাবান্না আমার ডিএনএতে আছে। মায়ের রান্নার স্বাদ আমার হাতের রান্নার মধ্যেও খুঁজে পাবেন। আমার মা ভারতীয় খাবার দারুণ রান্না করেন। বিদেশি খাবার তিনি পছন্দ করেন না। তাই সেগুলো রান্নাও করেন না। কিন্তু আমি সব ধরনের খাবার রান্না করতে ও খেতে ভালোবাসি।’
কোন ধরনের খাবার আপনি সবচেয়ে ভালো রান্না করেন? উত্তরে ‘তনু ওয়েডস মনু’খ্যাত এই তারকা বলেন, ‘আমি পরোটা, পাকোড়া, পোলাও তো প্রায়ই রান্না করি। পাশাপাশি আমার হাতের চাইনিজ ও থাই খাবারের বেশ সুনাম আছে। নিয়মিত রান্না করার সময় পাই না। তবে একটু সুযোগ পেলেই রান্না করতে শুরু করি। রান্না করলে আমার মন ভালো থাকে। দীপাবলি বা অন্য যেকোনো উৎসবে আমি কিছু না কিছু বিশেষ পদ বানানোর চেষ্টা করি। যখন আমার রান্নার কেউ প্রশংসা করে, তখন আমার মন খুব ফুরফুরে হয়ে যায়।’

এর আগে ২০১৯ সালের মে মাসে মোদি সরকার দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এলে কঙ্গনা তাঁর পরিবারের জন্য নিজ হাতে পাকোড়া ও চা বানিয়েছেন। রান্নাঘর থেকে সেই ছবি তুলে তাঁর দল সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে জানিয়েছে, পরিবারের সঙ্গে নরেন্দ্র মোদি এবং বিজেপির ঐতিহাসিক বিজয় উদ্যাপন করছেন কঙ্গনা রনৌত।