কঙ্গনার ওপর খেপেছেন ঋষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঋষি কাপুর ও কঙ্গনা রনৌত। ছবি: আইএএনএস ও ইনস্টাগ্রাম
ঋষি কাপুর ও কঙ্গনা রনৌত। ছবি: আইএএনএস ও ইনস্টাগ্রাম

চাঁচাছোলা কথা বলে সব সময় নানা বিতর্কে জড়িয়ে পড়েন বলিউড তারকা ঋষি কাপুর। সামাজিক মাধ্যমে তাঁর পোস্ট নিয়ে হামেশাই ওঠে সমালোচনার ঝড়। এবার বলিউডের বহুল বিতর্কিত বিষয় ‘নেপোটিসম’ অর্থাৎ ‘স্বজনপোষণ’ প্রসঙ্গে কঙ্গনাকে এক হাত নিলেন তিনি।

গতকাল শুক্রবার সঞ্জয় ছেল পরিচালিত আসন্ন ছবি ‘প্যাটেল কি পাঞ্জাবি শাদি’ উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন ঋষি কাপুর। নানা প্রশ্নের পাশাপাশি এদিন ‘স্বজনপোষণ’ প্রসঙ্গে ঋষি কাপুর সাংবাদিকদের বলেন, ‘কঙ্গনা বলে কেউ একজন আছেন, যিনি ‘স্বজনপোষণ’ নিয়ে অনেক কথা বলেছেন। করণ জোহরসহ অনেকেই এই বিতর্কে জড়িয়ে পড়েছে। সব থেকে বড় তারকাপুত্র তো রাজ কাপুর। রাজ কাপুর শুধু পৃথ্বীরাজ কাপুরের সন্তান ছিলেন বলেই কি সেই উচ্চতায় পৌঁছাতে পেরেছেন? আমি রাজ কাপুরের সন্তান বলেই কি ৪৫ বছর ধরে বলিউডে কাজ করে চলেছি? রণবীর আমার ছেলে বলেই কি আজ সে বলিউডের সুপারস্টার? প্রায় ১১ বছর ধরে বলিউডে টিকে আছে। আমাদের কারও কোনো যোগ্যতা না থাকলে কি আজ আমরা এত বছর ধরে এখানে কাজ করতে পারতাম? কারিনা কাপুর, কারিশমা কাপুর শুধু কাপুর পরিবারের বলেই কি বলিউডের নামজাদা নায়িকা? এদের নিজেদের কোনো কৃতিত্ব নেই? তারকার সন্তান হওয়ার সুবিধা আমাদের সব থেকে বড় অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, আমরা যখন প্রথম পর্দায় এসেছি, দর্শক আমাদের মধ্যে খোঁজার চেষ্টা করেছে আমাদের বাবা-মায়ের ছায়া। আমাদের থেকে তাঁদের চাহিদা অনেক বেশি। আর তা পূরণ করতে না পারলে ছুঁড়ে ফেলে দিতে মুহূর্তও ভাবে না। তবে নিশ্চয় আমার বাবা রাজ কাপুর আমার গুরু। আজ তাঁর জন্যই আমি সবকিছু।’

ঋষি কাপুর আরও বলেন, ‘আজ অনেক তারকার সন্তান সেভাবে বলিউডে জায়গা করতে পারেনি। তাদের আমি নাম বলতে চাই না। স্বজনপোষণ থাকলে তারা পারল না কেন? তাই যে অভিনেত্রী এসব কথা বলে বেড়াচ্ছে, তা পুরোপুরি অর্থহীন।’

কঙ্গনা রনৌত। ছবি: ইনস্টাগ্রাম
কঙ্গনা রনৌত। ছবি: ইনস্টাগ্রাম

এ বিষয়ে ঋষি কাপুর বলেন, ‘স্বজনপোষণ চলে আসছে রাজনীতিতে। গান্ধী পরিবারে নেহরুর সময় থেকে এই নীতি চলছে। আমি আত্মজীবনীতে এ বিষয়ে অনেক কিছু খোলা মনে লিখেছি।’

‘প্যাটেল কি পাঞ্জাবি শাদি’ ছবিতে ঋষি কাপুরকে দেখা যাবে নায়কের বাবার চরিত্রে। তাঁর ছেলের ভূমিকায় অভিনয় করেছেন বীর দাস। রোমান্টিক-কমেডি এই ছবিতে ঋষি কাপুর ছাড়া মূল চরিত্রে আছেন পরেশ রাওয়াল ও প্রেম চোপড়া। ‘প্যাটেল কি পাঞ্জাবি শাদি’ সিনেমায় বীরের নায়িকা হিসেবে দেখা যাবে পায়েল ঘোষকে। ছবিতে এই বাঙালি অভিনেত্রীকে দেখা যাবে পরেশ রাওয়ালের মেয়ের চরিত্রে। পাঞ্জাবি পরিবারের ছেলের সঙ্গে গুজরাটি রক্ষণশীল পরিবারের মেয়ের বিয়েকে কেন্দ্র করে আপাদমস্তক হাসির এই ছবিটি মুক্তি পাবে ১৫ সেপ্টেম্বর।