কঙ্গনার পূর্ণতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিচ্ছেন কঙ্গনা রানাউত।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিচ্ছেন কঙ্গনা রানাউত।

২০০৮ সালে মুক্তি পাওয়া ‘ফ্যাশন’ ছবিতে অনবদ্য অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছিলেন কঙ্গনা রানাউত। আবারও তিনি জাতীয় স্বীকৃতি পেলেন। তবে এবার পার্শ্ব অভিনেত্রী নয়, বলিউডের সবাইকে টেক্কা দিয়ে সেরা অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাগিয়ে নিলেন ২৮ বছর বয়সী এ ‘কুইন’ তারকা।
গতকাল রোববার নয়াদিল্লিতে ৬২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান থেকে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেন কঙ্গনা। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গত বছর মুক্তি পাওয়া ‘কুইন’ ছবির রানি মেহরা চরিত্রে চমৎকার অভিনয়ের স্বীকৃতি হিসেবেই তাঁর এই অর্জন। এক খবরে এমনটিই জানিয়েছে এনডিটিভি।
আমির খানের মতো কঙ্গনাও বলিউডের কোনো পুরস্কার প্রদান অনুষ্ঠানে যান না। এমনকি এ বছর সেরা অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জিতলেও, তা নিতে যাননি জনপ্রিয় এ তারকা অভিনেত্রী। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিতে ঠিকই হাজির হন কঙ্গনা।

৬২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে কঙ্গনা রানাউত।
৬২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে কঙ্গনা রানাউত।


পুরস্কার হাতে পাওয়ার পর উচ্ছ্বসিত কঙ্গনা বলেন, ‘প্রথমে পার্শ্ব অভিনেত্রী, আর এবার সেরা অভিনেত্রী। সেরা হিন্দি ছবির পুরস্কারও পেয়েছে ‘‘কুইন’’। এত এত সাফল্য উদ্‌যাপন করতে অবশ্যই মুম্বাইয়ে বিশাল আয়োজন করব আমরা। কঙ্গনা এও বলেন, ‘আমি কখনোই ভাবিনি, ‘‘কুইন’’ এত বেশি সাফল্য পাবে। দর্শকদের বড় একটি অংশ ছবিটিকে দারুণভাবে গ্রহণ করেছেন। এ জন্য আমরা অনেক খুশি।’
এদিকে ৬২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান থেকে দাদাসাহেব ফালকে পুরস্কার নেওয়ার কথা থাকলেও, অসুস্থতার কারণে দিল্লি যেতে পারেননি বর্ষীয়ান অভিনেতা শশী কাপুর। ২০ মে মুম্বাইয়ে পুরস্কারটি গ্রহণ করবেন তিনি। তবে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁকে উৎসর্গ করে বিশেষ একটি প্রামাণ্যচিত্র দেখান হয়। সেখানে উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান জানান গুণী এ অভিনেতাকে।
রাষ্ট্রপতি প্রণব মুখার্জি শশী কাপুরের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘শ্রী শশী কাপুরকে আন্তরিক অভিনন্দন। চলচ্চিত্রে তাঁর বহুমুখী অবদানের কথা বলে শেষ করা যাবে না। সত্যিকারের জীবন্ত কিংবদন্তি তিনি। পৃথ্বীরাজ কাপুর ও রাজ কাপুরের পর কাপুর পরিবারের তৃতীয় ব্যক্তি হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন শশী কাপুর। কাপুর পরিবারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। হিন্দি চলচ্চিত্রকে অনেক কিছুই দিয়েছেন তাঁরা। ‘‘আগ’’ ও ‘‘আওয়ারা’’ ছবির মাধ্যমে শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করেছিলেন শশী কাপুর। এরপর অসংখ্য ব্যবসাসফল ছবিতে আমরা তাঁকে উজ্জ্বল তারকা হিসেবে দেখেছি।’|

এক নজরে ৬২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র: ‘কোর্ট’ (মারাঠি, হিন্দি, গুজরাটি ও ইংরেজি)
সেরা জনপ্রিয় চলচ্চিত্র: ‘মেরি কম’
সেরা নবাগত পরিচালকের (প্রথম ছবির জন্য) ইন্দিরা গান্ধী পুরস্কার: ‘আসা যাওয়ার মাঝে’

বিশেষ জুরি পুরস্কার: ‘খোয়াড়া’ (মারাঠি)
সেরা নির্দেশনা: ‘চতুষ্কোণ’ ছবির জন্য শ্রীজিত মুখার্জি
সেরা অভিনেত্রী: ‘কুইন’ ছবির জন্য কঙ্গনা রানাউত
সেরা অভিনেতা: কানাড়া ছবি ‘নানু আভানাল্লা আভালু’র জন্য বিজয়
সেরা পার্শ্ব অভিনেতা: তামিল ছবি ‘জিগারঠাণ্ডা’র জন্য ববি সিমহা
সেরা পার্শ্ব অভিনেত্রী: হরিয়ানার ‘পাগড়ি: দ্য অনার’ ছবির জন্য বলজিন্দর কর
সেরা শিশুশিল্পী: কাক্কা মুত্তাই (তামিল)
সেরা প্লেব্যাক গায়ক: সুখবিন্দর সিং
সেরা প্লেব্যাক গায়িকা: উত্তরা উনিকৃশানন
সেরা চিত্রনাট্যকার (মৌলিক): ‘চতুষ্কোণ’ ছবির জন্য শ্রীজিত মুখার্জি
সেরা চিত্রনাট্যকার (অ্যাডাপ্টেড): মালয়লাম ছবি ‘ওত্তাল’-এর জন্য যোশি মঙ্গলানাথ
সেরা সংলাপ রচয়িতা: ‘হায়দার’ ছবির জন্য বিশাল ভরদ্বাজ
সেরা সংগীত পরিচালনা: ‘হায়দার’
সেরা কোরিওগ্রাফি: ‘হায়দার’
সেরা হিন্দি ছবি: ‘কুইন’
সেরা বাংলা ছবি: ‘নির্বাসিত’
সেরা পাঞ্জাবি ছবি: ‘পাঞ্জাব ১৯৮৪’
সেরা তামিল ছবি: ‘কাটরাম খাদিথাল’
সেরা তেলেগু ছবি: ‘চান্দামামা কাথালু’
সেরা মালয়লাম ছবি: ‘এইন’
সেরা মারাঠি ছবি: ‘কিল্লা’
সেরা কানাড়া ছবি: ‘হরিভু’
সেরা অ্যাডভেঞ্চার ছবি: ‘লাইফ ফোর্স-ইন্ডিয়াস ওয়েস্টার্ন ঘাটস’
সেরা অ্যানিমেশন ছবি: ‘সাউন্ড অব জয়’
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ‘মিত্র’
চলচ্চিত্র নিয়ে সেরা বই: ‘সাইলেন্ট সিনেমা: ১৮৯৫-১৯৩০’