কঙ্গনার বিয়ে আগামী বছর?

• আগামী মাসে ৩৩-এ পা দেবেন কঙ্গনা রনৌত
• আগামী ফেব্রুয়ারির আগে বিয়ে করবেন তিনি
• কঙ্গনাকে সামনে দেখা যাবে ‘মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ছবিতে
বিতর্ক মেটাতেই বলিউড তারকা কঙ্গনা রনৌতের জীবনের অনেকগুলো বছর পার হয়ে গেল। রগচটা কঙ্গনা সামনে আরও কোন কোন বিতর্কে জড়াবেন কে জানে। কিন্তু এসব নিয়ে আর কত দিন? আগামী মাসে ৩৩-এ পা দিচ্ছেন। ‘কবে বিয়ে করবেন?’ ইদানীং প্রায়ই এই প্রশ্নটি শুনতে হচ্ছে কঙ্গনাকে। সম্প্রতি কঙ্গনা নিজের বিয়ের সময়সীমা জানিয়েছেন।
গতকাল রোববার শেষ হলো ল্যাকমে ফ্যাশন উইক সামার রিসোর্ট ২০১৮। আসরের শেষ দিনে ডিজাইনার শ্যামল ও ভূমিকার ফ্যাশন শোর শো স্টপার ছিলেন কঙ্গনা রনৌত। র্যাম্পে বিয়ের পোশাক পরে হাঁটেন কঙ্গনা। প্রসঙ্গক্রমেই তাই চলে আসে নায়িকার বিয়ের কথা। এই ‘তনু ওয়েডস মনু’ তারকা বলেন, ‘আশা করি, শিগগিরই বিয়ে করব। আমাকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিন।’ তার মানে কঙ্গনার হাতে এখন সময় আছে মাত্র এক বছর। নিজের দেওয়া কথা রাখতে হলে এক বছরের মধ্যেই মিস থেকে মিসেস হওয়ার জন্য প্রস্তুত হতে হবে তাঁকে।
বিয়ের পর কি অভিনয় চালিয়ে যাবেন? নাকি সংসার সাজাতে বলিউডকে জানাবেন ‘বাই বাই’? কঙ্গনার সাফ জবাব, ‘আমার ক্যারিয়ার আমার কাছে অনেক বড়। আমি আমার সুযোগ কখনোই হাতছাড়া করব না। আমি যা চাই, সেটা জয় করেই ছাড়ি। মানুষ কী ভাবল না ভাবল, সেসব নিয়ে মাথা ঘামাই না।’ এ কথার মাধ্যমেই কঙ্গনা ইঙ্গিত দিলেন, অন্যের কথায় কখনোই অভিনয় থেকে বিদায় নেবেন না। কঙ্গনাকে এরপর দেখা যাবে ‘মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ছবিতে। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিমরান’। টাইমস অব ইন্ডিয়া।