কঙ্গনার সঙ্গে প্রেম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গনার সঙ্গে হৃতিক
কঙ্গনার সঙ্গে হৃতিক

বেশ কয়েক দিন ধরেই বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে ‘কৃশ’ তারকা হৃতিক রোশনের প্রেমের গুঞ্জন চলছে। বিশেষ করে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে। এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি এক টুইটার বার্তায় হৃতিক জানিয়েছেন, বিষয়টি তাঁর কাছে এতটাই হাস্যকর যে তিনি ঠিকমতো রাগ করতেও পারছেন না।
হৃতিক তাঁর টুইটার বার্তায় লিখেছেন, ‘কাভার স্টোরি। দারুণ। এটি এত বেশি হাস্যকর যে আমি রাগও করতে পারছি না। এ খবর যাঁরা লিখেছেন ও প্রকাশ করেছেন, তাঁরা কি কল্পনার রাজ্যে বাস করেন? আমার ধারণা, একা থাকার মূল্য দিতেই আমাকে ঘিরে এই গুজব। কিন্তু আমি কোনো মূল্য দিচ্ছি না। বরং এ ধরনের গুজব রটাচ্ছেন যেসব সাংবাদিক, তাঁরাই ছোট হচ্ছেন।’
গত বছরের ডিসেম্বরে সুজান খানের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন হৃতিক। এরপর ব্যাং ব্যাং ছবির সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে হৃতিকের সখ্যের খবর চাউর হয়। এবার কাইটস ও কৃশ ৩ ছবির সহ-অভিনেত্রী কঙ্গনার সঙ্গে হৃতিকের প্রেমের গুঞ্জন উঠেছে। কাইটস মুক্তি পায় ২০১০ সালে। আর কৃশ ৩ মুক্তি পায় গত বছরের নভেম্বরে। সাত বছর ধরে হৃতিক-কঙ্গনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও এবারই প্রথম তাঁদের প্রেমের খবর চাউর হয়েছে।
সম্প্রতি ভারতের ডিএনএ সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, দুই মাস আগে এক সাক্ষাৎকারে জীবনে বিশেষ একজন মানুষের উপস্থিতির কথা স্বীকার করলেও তাঁর নাম জানাতে অপারগতা প্রকাশ করেন কঙ্গনা। তিনি বলেন, ‘যখন আপনি প্রেমে পড়েন, তখন কিছু বিষয় নিশ্চিত হওয়ার পরই কেবল তা জনসমক্ষে প্রকাশ করা উচিত। জীবনে প্রেম অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমি আশা করছি, আমার জীবনে এমন একটি অবস্থা তৈরি হবে যখন প্রকাশ্যে আমার প্রেম নিয়ে বিস্তারিত জানাতে পারব আমি। আমার প্রত্যাশা, আমার এই প্রেমে সবকিছু ঠিকঠাক মতোই এগোবে।’
ডিএনএ সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে আরও দাবি করা হয়, হৃতিক ও কঙ্গনা তাঁদের প্রেম নিয়ে মুখ খুলতে প্রস্তুত না থাকলেও ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, প্রেম নিয়ে হৃতিক-কঙ্গনা যথেষ্ট সিরিয়াস। সাত বছর ধরে একে অন্যকে চেনেন তাঁরা।