কঙ্গনায় মাত বলিউড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গনা রনৌত
কঙ্গনা রনৌত

কুইন-এর রেশ কাটতে না কাটতেই আবারও বলিউড মাত করলেন কঙ্গনা রনৌত। তাঁর ছবি তনু ওয়েডস মনু রিটার্নস দাপিয়ে বেড়াচ্ছে বক্স অফিসে। আয়ের দিক থেকে ছাপিয়ে যাচ্ছে সবাইকে। মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি আয় করেছে ৮২ কোটি ৯০ লাখ রুপি। এখন অপেক্ষা ১০০ কোটির ক্লাবে ঢোকার। তবে এ-ই বা কম কী? সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার জয়ের পর বক্স অফিস জয় করাও সহজ কথা নয়। এ জন্যই গত বুধবার রাতে কঙ্গনা তাঁর সাফল্য উদ্যাপনের জন্য এক জমকালো পার্টি দিয়েছিলেন। এতে অংশ নেন বলিউডের নামী তারকারা। দক্ষিণী অভিনেতা ধানুশ থেকে শুরু করে শহীদ কাপুর, সুশান্ত সিং রাজপুত সবাই ছিলেন কঙ্গনার অতিথির তালিকায়। তবে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের দেখা যায়নি এই আয়োজনে। দীপিকা, আনুশকা কিংবা ক্যাটরিনা অনুপস্থিত ছিলেন পার্টিতে। আলিয়া ভাট পার্টিতে না থাকলেও টুইট করে অভিনন্দন জানিয়েছেন কঙ্গনাকে। তবে বলিউড তারকারা যেসব পরিচালকের সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকেন, তাঁদের সবাইকেই ওই দিন দেখা গেছে কঙ্গনার পাশে। রাজকুমার হিরানি, অনুরাগ কাশ্যপ, মধুর ভান্ডারকর, করণ জোহর—নিজেদের শুভকামনা নিয়ে সশরীরে হাজির হন কঙ্গনার দাওয়াতে। পরিচালকদের এই লম্বা লাইন দেখে বুঝতে নিশ্চয়ই বাকি থাকছে না যে কঙ্গনার সামনে এখন শুধুই সুদিন! বলিউড লাইফ