কথক শিখবেন কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর খান
কারিনা কাপুর খান

অভিনয় নিয়ে কখনো কখনো হয়তো কেউ তাঁর সামান্য খুঁত ধরেছেন বটে; কিন্তু কারিনা কেমন নাচেন? এ প্রশ্নে একবাক্যে সবাই মানবেন যে নাচ তিনি খারাপ নাচেন না। অন্তত চলচ্চিত্রে ভালোই নাচেন বলিউডের এই তারকা অভিনেত্রী। তাহলে হঠাৎ নতুন করে নাচ শেখার ইচ্ছা হলো কেন কারিনা কাপুর খানের? এ প্রশ্নের উত্তর না দিলেও কারিনা জানিয়েছেন, ভারতীয় নাচ শিখতে চান তিনি। তাও আবার বলিউডের ফিল্মি ধাঁচের নাচ নয়। রীতিমতো তালিম নিয়ে শিখতে চান ভারতীয় ধ্রুপদি নাচ কথক আর ভরতনাট্যম।

নাচ শেখা প্রসঙ্গে কারিনা জানিয়েছেন, ভবিষ্যতে কথক আর ভরতনাট্যম নাচ শেখার পরিকল্পনা করছেন তিনি। এ পরিকল্পনার কথা জানানোর পাশাপাশি নাচ যে তাঁর শৈশবের এক গভীর আবেগ সে কথাও জানাতে ভুলেননি। বোন কারিশমা কাপুরের প্রসঙ্গ টেনে বলেছেন—ধ্রুপদি নাচে পারদর্শী তাঁর এই বড় বোনের কারণে তিনি অনুপ্রাণিত। শৈশবের স্মৃতিচারণায় বলেছেন, যখন কারিশমা কাপুর নাচের চর্চা করতেন, সে সময় তাঁর নাচ মুগ্ধ হয়ে দেখতেন কারিনা আর আয়নার সামনে দাঁড়িয়ে কারিশমাকে নকল করার চেষ্টা করতেন।

‘থ্রি ইডিয়টস’, ‘রা ওয়ান’ কিংবা ‘বডিগার্ড’-এর মতো ব্যবসাসফল ছবির অভিনেত্রী কারিনা চলচ্চিত্রের পাশাপাশি পণ্যের দূতিয়ালিতেও সাফল্যের প্রমাণ রেখেছেন। সনির ভায়ো ল্যাপটপ, নোটবুক আর আল্ট্রাবুকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি।

কারিনা কাপুর খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘বজরঙ্গী ভাইজান’। এই তারকা অভিনেত্রীকে সামনে দেখা যাবে পরিচালক আর বাল্কির ‘কি অ্যান্ড কা’ ছবিতে।