কবি সঞ্জয়ের এক শ কবিতা!

কবি নাজিম হিকমতের কথা বিশ্বের কবিতাপ্রেমীরা কমবেশি সবাই জানেন। আর কে না জানে সবাই কবিতা না লিখলেও কবিতা কম বেশি সবাই ভালোবাসেন। কারাবন্দী থাকার সময় কবি নাজিম হিকমতের লেখা অনেক কবিতাই বিখ্যাত হয়েছে। সম্প্রতি কারামুক্ত বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত জানিয়েছেন, তিনি তাঁর কারাবাসের দিনগুলোতে এক শর কাছাকাছি কবিতা লিখেছেন!
সঞ্জয় দত্ত জানান, কারাবাসের সময়টাতে কবিতা লিখেছেন তিনি। এবার সেই কবিতাগুলো বই আকারে প্রকাশ করার পরিকল্পনা করছেন। এই ‘মুন্না ভাই’ অভিনেতা জানিয়েছেন, ছোট কবিতা বা শেরগুলো হিন্দি ভাষাতেই লিখেছেন তিনি। আর এই কবিতাগুলো নিয়ে বই প্রকাশের ব্যাপারে শিগগিরই কয়েকজনের সঙ্গে আলাপ করবেন।
এ প্রসঙ্গে সঞ্জয় বলেছেন, ‘প্রায় ১০০ শের (কবিতা) লিখেছি। মাঝেমধ্যে আমার ভাবতে খুব অবাক লাগে যে এগুলো আমিই লিখেছি!’ তিনি বলেন, ‘আমার মনে আছে, আমার স্ত্রী একবার জেলখানার আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি তাঁকে দেখা করতে আসার জন্য বাধ্য করেছিলাম। সেদিন তাঁর গায়ে জ্বর ছিল। দেখা হওয়ার পর আমার ভীষণ খারাপ লাগছিল। এরপর আমি তাঁকে নিয়ে একটি ছোট কবিতা লিখি।’
তবে লেখালেখির বিষয়টাকে স্থায়ীভাবে নেওয়ার কোনো পরিকল্পনা আপাতত এই অভিনেতার নেই। খুব শিগগিরই নিজের চিরচেনা চলচ্চিত্র জগতে ফিরতে চান তিনি। তবে, তার আগে আরও কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইছেন তিনি। সামনে পরিচালক সিদ্ধার্থ আনন্দের একটি অ্যাকশন ছবিতেও কাজ করার কথা আছে তাঁর।
এ ছাড়া রাজকুমার হিরানীর ‘মুন্না ভাই’ সিরিজের ছবির তৃতীয় কিস্তিতেও কাজ করার কথা আছে এই তারকা অভিনেতার। পাশাপাশি ইন্দ্র কুমারের ‘ধামাল’-এর সিকুয়েলেও দেখা যেতে পারে তাঁকে। বোঝাই যাচ্ছে— জেল থেকে মুক্ত হওয়ার পরপরই বলিউডে আবারও ব্যস্ত হয়ে পড়বেন এই ‘খলনায়ক’ অভিনেতা।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া অবলম্বনে নাদিয়া মাহমুদ।