কম পারিশ্রমিকে কাজ করেন না সোনম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনম কাপুর
সোনম কাপুর

চিন্তাভাবনায় যে তিনি বেশ প্রতিবাদী তা বিভিন্ন সাক্ষাৎকার আর টুইটারে তাঁর লেখা পড়লেই বোঝা যায়। বলা হচ্ছে— অনিল কাপুর কন্যা সোনমের কথা। মুখের উপর সত্য বলতে যার কখনোই বাধে না। মেয়েদের কম পারিশ্রমিক দিয়ে যারা কাজ আদায় করতে চান এবার তাঁদের উচিত শিক্ষা দেওয়ার কথাই বললেন সোনম।
অভিনেতাদের চেয়ে অভিনেত্রীদের কম পারিশ্রমিক দেওয়ার অভিযোগটি বলিউডে নতুন নয়। কোনো অভিনেত্রী তাঁর পুরুষ সহকর্মীর সমান পারিশ্রমিক অর্জন করলে তা রীতিমতো সংবাদপত্রের খবর হয়ে ওঠে।
এ প্রসঙ্গে এবার মুখ খুলেছেন এ প্রজন্মের অভিনেত্রী সোনম। তিনি বলেছেন, ‘মেয়েরা অসম বেতন নিয়ে অভিযোগ করেন, আমি তাঁদের সমস্যা বুঝি। কারও যদি মনে হয় এটি আপনার প্রাপ্য নয় তাহলে ন্যায্য মজুরির জন্য লড়াই করুন। আর এর বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে ভালো পথ হচ্ছে তাঁদের সঙ্গে কাজ না করা। এ নিয়ে অভিযোগ না করে, যদি মনে হয় যে সে আপনাকে আপনার প্রাপ্য পারিশ্রমিক দিচ্ছে না তাহলে তাঁর সঙ্গে কাজ করবেন না।’​
সোনম অকপটে স্বীকার করেন যে, তিনি একজন নারীবাদী এবং এ নিয়ে তিনি মোটেও লজ্জিত নন। সোনম মনে করেন, নারীবাদী হওয়ার অর্থ ছেলে কিংবা মেয়ে নিয়ে মাথা ঘামানো নয়। এর মানে আপনি যা, তাই থাকা। ভয় না পাওয়া এবং আপনি যা বিশ্বাস করেন তা সঠিক মনে করা এবং এর পক্ষে অবস্থান নেওয়া।
সোনম জানান, এই শক্তি তিনি পেয়েছেন তাঁর বাবা অনিল কাপুরের কাছ থেকে। অনিল তাঁর দুই মেয়েকে সব সময় উৎসাহিত করেন। ‘আমার বাবা আমাকে একজন শক্ত সমর্থ ব্যক্তি হিসেবেই বিচার করেন। তিনি বিশ্বাস করেন এই মেয়েরাই এমন অনেক কিছু করে দেখাতে পারে যা অনেক লোকের পক্ষেও করা সম্ভব না। এই অর্থে তিনিও একজন নারীবাদী’ বলেছেন সোনম। এনডিটিভি।