কমল হাসান হাসপাতালে

অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা কমল হাসান পায়ে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার রাতে সিঁড়ি থেকে পড়ে তাঁর পা ভেঙে গেছে। অগত্যা ‘শাবাশ নাইড়ু’ সিনেমার শুটিং থেকে বিরতি নিতে হয়েছে তাঁকে।
নিজের অফিসের সিঁড়ি বেয়ে ওঠার সময় কমল হাসান হঠাৎ পা পিছলে পড়ে যান। চিকিৎসক অবশ্য জানিয়েছেন, এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। বর্তমানে ভারতের অ্যাপোলো হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন।
লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আসরে আজীবন সম্মাননা গ্রহণ করতে উপস্থিত থাকার কথা ছিল তাঁর। কিন্তু শারীরিক এ অবস্থার জন্য সেই পরিকল্পনাও বাতিল করতে হয়েছে।
পায়ের চোট সারলেই কমল হাসান আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন। ‘শাবাশ নাইড়ু’ ছবির পরবর্তী শুটিং হওয়ার কথা ভারতের হায়দরাবাদে। আইএএনএস।