কমল হাসানের বাড়িতে আগুন!

খুব খারাপ সময় যাচ্ছে বলিউড তারকা কমল হাসানের। ভাই চন্দ্র হাসান মারা গেছেন গত মার্চে, সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি, এরই মধ্যে আরেকটি দুর্ঘটনার মুখোমুখি হলেন তিনি। আগুনে পুড়ে গেছে তাঁর বাড়ি।
চেন্নাইয়ে তাঁর বাড়িতে আগুন লেগেছিল গত শুক্রবার রাতে।
নিরাপদে আছেন—এই তথ্য নিকটজন ও ভক্তদের বলার জন্য নিজ বাড়িতে আগুন লাগার খবরটি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেছেন কমল হাসান। টুইটারে তিনি লিখেছেন, ‘আমার বাড়ির কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। আগুনের ভয়াবহতা থেকে বেঁচে গেছি। বাড়ির তিনতলা থেকে নেমে এসেছি ফুসফুসভর্তি ধোঁয়া নিয়ে। আমি নিরাপদেই আছি। কারও কোনো ক্ষতি হয়নি।’
কমল হাসান তাঁকে নিয়ে শঙ্কিত মানুষদের ধন্যবাদ জানিয়েছেন। লিখেছেন, ‘আমার প্রতি আপনাদের ভালোবাসা ও শঙ্কার জন্য ধন্যবাদ। এবার নিশ্চিন্তে ঘুমাতে যান। শুভরাত্রি।’
কেন আগুন লেগেছিল, সেটা নিয়ে অবশ্য তিনি কিছু বলেননি।
কমল হাসান এখন ব্যস্ত আছেন তাঁর বহু ভাষাভাষী শাবাশ নাইড়ু ছবিটি নিয়ে। পায়ে ব্যথা পেয়ে আহত হয়ে বছরখানেক তিনি চলচ্চিত্র থেকে দূরে ছিলেন।
সূত্র: বলিউড হাঙ্গামা, দ্য হিন্দু