কমলা হচ্ছেন না বিদ্যা

মা–বাবা দক্ষিণী বলে বিদ্যা বালানের শিকড় সেখানকার। সে জন্যই কমলা সুরাইয়ার চরিত্রের জন্য তিনিই ছিলেন প্রথম পছন্দ। কমলা সুরাইয়া ছিলেন দক্ষিণ ভারতের বাসিন্দা। বেশ কিছুদিন শুটিং ঝুলিয়ে পরে পরিচালক কামাল মুহাম্মদকে ‘না’ বলে দিয়েছেন বিদ্যা।
কামালের ধারণা, কমলার ধর্মান্তরিত হওয়ার ঘটনাটিই বাদ সেধেছে। সনাতন পরিবারের মেয়ে বিদ্যা, সে জন্যই হয়তো ওই চরিত্রটি করবেন কি করবেন না, এ নিয়ে দ্বিধা ছিল। যদিও এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
ইংরেজিতে অসংখ্য কবিতা লিখেছেন কমলা সুরাইয়া। ভারতীয় এই সাহিত্যিক লিখেছেন মালায়ালম ভাষাতেও। ২০০৯ সালে ৭৫ বছর বয়সে মারা যান তিনি। ১৯৯৯ সালে সনাতন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় হয়ে ওঠেন বিতর্কিত। সাহিত্যিক হিসেবে সুখ্যাতি থাকলেও ধর্মান্তরিত হওয়ার পর হয়ে যান সমালোচিত। আগে তাঁর নাম ছিল কমলা দাস। মুসলমান হওয়ার পর নাম বদলে হয়েছিলেন কমলা সুরাইয়া। তিনি ১৯৮৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।
কমলার চরিত্রে অভিনয়ের জন্য শুরুতে দারুণ আগ্রহী ছিলেন বিদ্যা। পরে সিদ্ধান্ত বদলান। ইংরেজি ও মালায়ালম ভাষায় মুক্তি পাওয়ার কথা ছিল কামাল মুহাম্মদ পরিচালিত ‘আমি’ নামের এই ছবি। দুই বছর ধরে তিনি অপেক্ষায় ছিলেন, বিদ্যা কবে সাড়া দেবে! তাঁর অপেক্ষা শেষ! এবার অন্য কারও জন্য অপেক্ষা করবেন কামাল? হিন্দুস্তান টাইমস।