কয়েদিদের পুনর্বাসনের জন্য কাজ করতে চান সঞ্জয় দত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় সঞ্জয় দত্ত
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় সঞ্জয় দত্ত

কোন রকম আগাম খবর না দিয়ে অনেকটা গোপনেই ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় এসেছিলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কোনো সিনেমার শুটিংয়ে নয়, বরং একেবারেই ব্যক্তিগত কাজে এসেছেন তিনি। কলকাতায় নেমেই সঞ্জয় দত্ত সোজা চলে যান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ​সচিবালয় ‘নবান্ন’-এ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেই কলকাতায় দিন শুরু করলেন বলিউডের ‘মুন্নাভাই’ !

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সঞ্জয়
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সঞ্জয়

জানা গেছে, মুখ্যমন্ত্রীকে স্পষ্ট বাংলায় ‘দিদি’ ডেকে সম্বোধন করেন তিনি। আর মুখে উজ্জ্বল হাসি মিশিয়ে দিদিকে জানালেন ‘ধন্যবাদ’ ৷
প্রায় আধা ঘণ্টা ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতা চালান সঞ্জয়। ‘নবান্ন’-এ মুখ্যমন্ত্রীর ঘর থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সঞ্জয় দত্ত বলেন, ‘এই সাক্ষাৎ একেবারেই ব্যক্তিগত। দিদিকে ধন্যবাদ জানিয়েছি ৷ আশীর্বাদ নিয়েছি।’ তিনি বলেন, ‘“পরিণীতি” ছবি করার সময় কলকাতায় এসেছিলাম ৷ এবার কলকাতাকে দেখে মনে হলো, অনেকটাই বদলে গিয়েছে ৷ দিদি খুব ভালো কাজ করছেন।’
সঞ্জয় দত্ত আরও বললেন, ‘সংশোধনাগারে থাকা কয়েদিদের পুনর্বাসনের জন্য কাজ করতে চাই। তাই নিয়ে দিদির সঙ্গে কথা হয়েছে। শুধু তা–ই নয়, নভেম্বরে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আসার জন্য দিদি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি আসব।’
সূত্র: ভারত থেকে প্রচারিত স্যাটেলাইট চ্যানেল ইটিভি