করণ-অর্জুন-রণবীরের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ

গত বছরের ডিসেম্বরে মুম্বাইয়ের একটি স্টেডিয়ামে ‘এআইবি রোস্ট’ নামের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করার সময় চার হাজার দর্শকের সামনে নোংরা ও কটূক্তিপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে নির্মাতা করণ জোহর, অভিনেতা অর্জুন কাপুর ও রণবীর সিংয়ের বিরুদ্ধে। তাঁদের নামে পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পৃথকভাবে তদন্তকাজ শুরু করেছে মুম্বাই পুলিশ ও মহারাষ্ট্র সরকার। আর তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের শিক্ষা ও সংস্কৃতিমন্ত্রী বিনোদ তাওড়ে।
‘এআইবি রোস্ট’ অনুষ্ঠানের ভিডিও ক্লিপ অনলাইনে ফাঁস হওয়ার পর ইউটিউব এবং সামাজিক যোগাযোগ রক্ষার বিভিন্ন ওয়েবসাইটে হইচই পড়ে যায়। প্রকাশিত ভিডিও ক্লিপে দেখা গেছে, সোনাক্ষী সিনহা, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটের মতো প্রথম সারির বলিউডের অভিনেত্রীদের পাশাপাশি অসংখ্য দর্শক করণ, অর্জুন ও রণবীরের মুখে অশ্লীল ভাষা শুনে শিষ দিয়ে চিৎকার করে আনন্দ প্রকাশ করছেন।
সম্প্রতি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিনোদ তাওড়ে বলেন, ‘অনুষ্ঠানটির ভিডিও কনটেন্ট পরীক্ষা করে দেখা হবে। অশ্লীল কিছু পাওয়া গেলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
বিনোদ তাওড়ে আরও বলেন, ‘প্রাথমিক তদন্তের পর মনে হচ্ছে, যথাযথ অনুমতি না নিয়েই অনুষ্ঠানটি করা হয়েছে। এ ধরনের অশ্লীলতা একটি অপরাধ। তদন্তের পর প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করবে সরকার।’ এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
এদিকে ব্রাহ্মণ একতা সেবা সংস্থার প্রেসিডেন্ট অখিলেশ তিওয়ারি দীর্ঘ চার পৃষ্ঠার পুলিশি অভিযোগে দাবি করেছেন, কমেডিধর্মী অনুষ্ঠানটিতে এর সঞ্চালক করণ, অর্জুন ও রণবীর মজা করার ছলে কেবল নোংরা ও কটূক্তিপূর্ণ ভাষাই ব্যবহার করেননি, যৌনতানির্ভর ও কুরুচিকর শব্দও উচ্চারণ করেছেন। অনুষ্ঠানটির মাধ্যমে ভারতীয় নারী ও সংস্কৃতির ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে, যা তরুণ প্রজন্মকে ভুল পথে পরিচালিত করবে। এসব কারণে করণ, অর্জুন ও রণবীর ছাড়াও অনুষ্ঠানটির আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন অখিলেশ।