করণ এখন যমজ সন্তানের বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করণ জোহর
করণ জোহর

যমজ সন্তানের বাবা হয়েছেন বলিউডের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। সারোগেসি পদ্ধতিতে এক নারীর গর্ভে জন্ম নেয় করণের কন্যা ও পুত্র। একটি লিখিত বিবৃতিতে গতকাল রোববার সকালে এই সুখবর জানান করণ। মেয়ের নাম রেখেছেন রুহি ও ছেলের যশ।
গত ৭ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ের মাসরানি হাসপাতালে জন্ম নেয় রুহি ও যশ। ওই হাসপাতালেই জন্মেছিল করণের সব থেকে কাছের বন্ধু ও বলিউড তারকা শাহরুখ খানের ছোট ছেলে আবরাম। তারও জন্ম সারোগেসি পদ্ধতিতে। এমনকি ছেলে আজাদ রাও খানের জন্মের ক্ষেত্রেও এই পদ্ধতি বেছে নিয়েছিলেন বলিউডের তারকা দম্পতি আমির খান ও কিরণ রাও। করণ জোহরের আগে অবিবাহিত অভিনেতা তুষার কাপুরও সারোগেসি পদ্ধতিতে পুত্রসন্তানের বাবা হয়েছিলেন।
অবিবাহিত হওয়ায় করণের বাবা হওয়ার বিষয়টি নিয়ে ভারতে শুরু হয়েছে বেশ আলোচনা। কেননা, ভারতে শিগগিরই নিয়ম হতে যাচ্ছে অবিবাহিত নারী-পুরুষ, বিবাহবহির্ভূত যুগল কিংবা সমকামীরা সারোগেসি পদ্ধতিতে সন্তান নিতে পারবেন না। আইন হওয়ার আগেই অন্য নারীর গর্ভাশয় ভাড়া নিয়ে পিতৃত্বের স্বাদ নিতে পারলেন করণ।
গতকাল দেওয়া বিবৃতিতে করণ লিখেছেন, ‘আনন্দের সঙ্গে আমার বেঁচে থাকার নতুন দুই উপলক্ষ, আমার দুই সন্তান রুহি ও যশের কথা জানাচ্ছি।’ টুইটারে দেওয়া বিবৃতিতে নাম প্রকাশ না করে সন্তানদের গর্ভমাতা ও চিকিৎসককে ধন্যবাদ জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘এখন থেকে জীবনের বাকি সব কাজ ও দায়িত্ব পেছনে পড়ে গেল। সবার আগে আমার চিন্তাজুড়ে থাকবে আমার দুই সন্তান।’
সম্প্রতি প্রকাশিত আত্মজীবনী অ্যান আনসুইটেবল বয়–এ করণ বাবা হওয়ার আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, পরিবারের একমাত্র সন্তান হওয়ার কারণে তাঁর শৈশব কেটেছে একাকিত্বে। সে জন্যই দুই বা ততোধিক সন্তান তাঁর পছন্দ। বাবা প্রয়াত যশ জোহরের নামে ছেলে ও মায়ের নাম ‘হিরু’ উল্টো করে করণ মেয়ের নাম রেখেছেন রুহি।
এদিকে বাবা হওয়ায় করণকে অভিনন্দন জানাচ্ছে পুরো বলিউড। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক—সব মাধ্যমে বলিউড তারকাদের শুভেচ্ছাবন্যায় ভাসছেন করণ। ইতিমধ্যে আলিয়া ভাট ঘোষণা দিয়েছেন, যশ ও রুহি তাঁর ছোট ভাইবোন। আইএএনএস ও ইন্ডিয়ান এক্সপ্রেস।