করণের কাছে বিপাশার আবদার!

তাঁকে সঙ্গে করে কোথাও একটু ঘুরতে বেরহবেন, বাইরে কোথাও বসে দুজনে একটু খাবেন, কথা বলবেন; হাত ধরে হাঁটতেও পারেন— মোদ্দা কথা, করণকে নিয়ে একটু একসঙ্গে বেড়াতে চাইছেন বিপাশা বসু। আবদার এটাই। অবশ্য, এর পেছনে রয়েছে করণের ‘হেট স্টোরি ৩’ ছবির সাফল্য উদ্যাপন। এ কারণেই নাকি বিপাশা সম্প্রতি করণকে বলেছেন তাঁকে একটা ‘ট্রিট’ দিতে। আর এই বিপাশার ‘ট্রিট’-এর আবদার করণকে নিয়ে কোথাও একটু ঘুরতে যাওয়া।
‘প্রেমিক’ করণ সিং গ্রোভারের কাছে বিপাশা বসু এমন আবদার করতেই পারেন। বলিউডের এই ‘বং বিউটি’র দীর্ঘদিনের যন্ত্রণা আর একাকিত্বকে যিনি বন্ধুর ভালোবাসায় মুছে শক্তি-সাহস যুগিয়ে তাঁর খুব কাছের মানুষ হয়েছেন সেই করণ সিং গ্রোভারের কাছে এ তো নেহাত এক মামুলি আবদার। বিপাশা চাঁদ চাইলে হয়তো করণ সে চেষ্টাও করে দেখতেন।
কিছুদিন আগে বিপাশা বসুর এক টুইট বার্তা করণের প্রতি তাঁর গভীর আস্থা আর ভালোবাসাই প্রকাশ করেছিল। টুইটে বিপাশা লিখেছিলেন-সত্যিকারের বন্ধু এমনই একজন, তোমার দিকে যে হাত বাড়িয়ে দেয়, তোমার হৃদয় স্পর্শ করে।’
বেশ কিছুদিন ধরেই বিভিন্ন রিয়েলিটি শো থেকে শুরু করে নানা অনুষ্ঠান-আয়োজনে বিপাশার ছায়াসঙ্গী সুঠামদেহী করণ সিং গ্রোভার।
বিপাশা বসুর সঙ্গে ‘অ্যালোন’ ছবিতে জুটি বেঁধেছিলেন মডেল ও অভিনেতা করণ সিং গ্রোভার। আর এর পর থেকেই যেন তাঁদের একাকিত্ব কেটেছে। এ ছবিতে দুজনের উষ্ণ প্রাণবন্ত অভিনয় তাঁদের সম্পর্কের গভীরতা আর আবেগকে যেন প্রকাশ করেছিল।
জন আব্রাহামের সঙ্গে বিপাশার সম্পর্কের ইতি ঘটার ঘটার পর বছর পাঁচেক পেরিয়েছে। যদিও মাঝে বিপাশার সঙ্গে নানা খবরে নানা জনের নাম জড়ানো হয়েছিল বটে কিন্তু প্রেমের বিষয়টি করণের সঙ্গে যেভাবে রটেছে তা আর কারও বেলাতেই ঘটেনি। এনডিটিভি। টাইমস অব ইন্ডিয়া। মিড-ডে।