করণের কিচ্ছু পছন্দ না বাচ্চাদের

করোনার থাবায় ঘরে ঢুকে পড়েছে পুরো ভারত। ২১ দিনের লকডাউনে বন্ধ আছে শুটিং, প্রযোজনা। এই বন্ধে কী করছেন করণ জোহর? ঘরে বসে দুই যমজ সন্তান যশ আর রুহির ভিডিও বানাচ্ছেন। আর তা পোস্ট করছেন ইনস্টাগ্রামে। লাখ লাখ মানুষ সেসব ভিডিও দেখছে, আনন্দ পাচ্ছে। মাঝেমধ্যে সেই ভিডিওতে যোগ দিচ্ছেন করণের মা হিরু জোহর।

শখ করে ‘ইয়ে দিল হ্যায় মুশকিল’ সিনেমার ‘চান্না মেরেয়া মেরেয়া’ গাইছিলেন করণ জোহর। কিন্তু মাঝপথে বাধ্য হয়েই থামিয়ে দিতে হলো গান। কেননা বাবার বেসুরো গলায় গান শুনে তীব্র প্রতিবাদ জানল তিন বছর বয়সী যশ ও রুহি। যশ তো সরাসরি বলেই দিল, ‘আমার মোটেই ভালো লাগে না।’ এমনকি ‘আদেশ’ অমান্য করে করণ যখন আবার গানটি ধরলেন, তখন যশ রীতিমতো হাতের চামচ দিয়ে বাটিতে আঘাত করে বলল, ‘থামো, থামো।’
করণ জোহর ভেবেছিলেন, মা হিরু জোহর হয়তো ছেলের পক্ষ নেবেন। সে আশা গুড়ে বালি। হিরুর ভোট নাতি–নাতনির পক্ষে। তিনিও বলেছেম, ‘তুমি বাজে গাও। তোমার বাবাও বাজে গাইত।’

শুধু তা–ই নয়, করণ জোহরের স্টাইলও পছন্দ নয় তাঁর পুত্রের। করণের রোদচশমা পরে যশ জানিয়েছে, ‘এগুলো স্টুপিড’। বাবার জ্যাকেটও পছন্দ নয় তাদের। পছন্দ নয় জুতাও। ইনস্টাগ্রামে সর্বশেষ ভিডিওতে দেখা যাচ্ছে, সস লাগিয়ে আলুর চিপস খাচ্ছে করণের পুত্র–কন্যারা। এভাবেই সন্তানদের সঙ্গে খুনসুটিতে কাটছে করণের লকডাউন।