করণের পরিকল্পনা জানতেন যে তিনজন...
বাতাসে কোনো গুঞ্জন ছিল না, শোনা যায়নি কোনো সম্ভাবনার কথাও। রোববার সকালে হুট করেই পাওয়া গেল করণ জোহরের বাবা হওয়ার খবর। করণ নিজেই ঘোষণা দিয়ে জানিয়েছেন এই সুখবর। বিষয়টি নিয়ে গতকাল থেকেই অনেক আলোচনা হচ্ছে। শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন নব্য বাবা করণ।
অবিবাহিত করণের যমজ দুই সন্তান সারোগেসির মাধ্যমে এক নারীর গর্ভে জন্ম নিয়েছেন। অথচ এত বড় একটি ঘটনা ঘটার আগে কোনো কাকপক্ষীকেও বিষয়টি জানতে দেননি এই নির্মাতা। শুধু তাঁর ঘনিষ্ঠ তিনজন এই বিষয়ে আগে থেকে জানতেন।
বলিউডে করণ জোহরের খুব কাছের বন্ধু হলেন অভিনেতা শাহরুখ খান ও নির্মাতা ফারাহ খান। এই দুজনকেও তিনি নিজের বাবা হওয়ার পরিকল্পনার কথা আগে থেকে জানাননি। এটি শুধু জানতেন শাহরুখের স্ত্রী গৌরী খান, অভিনেত্রী কারিনা কাপুর খান ও ডিজাইনার মনীশ মালহোত্রা। তাঁরাও করণের ভালো বন্ধু।
এমনকি যশ রাজ ফিল্মসের কোনো কর্মীও বিষয়টি ঘুণাক্ষরে টের পাননি। ইচ্ছা করেই করণ বিষয়টি নিয়ে আগে থেকে কোনো ইঙ্গিত দেননি। ফেব্রুয়ারি মাস পর্যন্ত সব ধরনের কাজ স্বাভাবিক গতিতেই করে গেছেন তিনি। এ জন্য কেউ আগে থেকে কিছু আঁচ করতে পারেননি। তবে গতকাল লিখিত বিবৃতিতেই এই নির্মাতা জানিয়ে দিয়েছেন, এখন থেকে তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দুই সন্তান যশ ও রুহি। আগে সন্তানদের লালন-পালন, পরে অন্য সব কাজ। এনডিটিভি