করনি সেনার 'ডিগবাজি'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পদ্মাবত’ ছবির দৃশ্য
‘পদ্মাবত’ ছবির দৃশ্য
>
  •  এবার ডিগবাজি খেয়েছে ভারতের রাজপুত সংগঠন করনি সেনা।
  • রাজস্থানে ছবিটির প্রদর্শন নিয়ে কোনো আপত্তি নেই তাদের।
  •  মধ্যপ্রদেশ আর গুজরাটের দর্শকেরাও নির্বিঘ্নে ছবিটি উপভোগ করতে পারবেন।

 এবার ডিগবাজি খেয়েছে ভারতের রাজপুত সংগঠন করনি সেনা। করনি সেনার তিনটি গোষ্ঠী—‘শ্রী রাজপুত করনি সেনা’, ‘শ্রী রাষ্ট্রীয় রাজপুত করনি সেনা’ ও ‘শ্রী রাষ্ট্রীয় রাজপুত করনি সেনা সমিতি’। তাদের মধ্যে শ্রী রাষ্ট্রীয় রাজপুত করনি সেনা মনে করছে, ‘পদ্মাবত’ রাজপুত ঐতিহ্যকে মহিমান্বিতই করেছে! সংগঠনটি এবার সানন্দে ছবিটির প্রচারের দায়িত্ব নিতে চেয়েছে!

এক বছরেরও বেশি সময় ধরে কী অস্থিরতাই না দেখেছে বলিউড। সঞ্জয় লীলা বানসালীর এক ছবিকে ঘিরে করনি সেনাদের বিদ্রোহ বিরাট রূপ ধারণ করে। ভারতের বিভিন্ন রাজ্যে ভাঙচুর আর অগ্নিসংযোগ করেছে সংগঠনটির সমর্থকেরা। কত হুমকি! এবার করনি সেনারা তাঁদের ভুল বুঝতে পেরেছে। গতকাল শুক্রবার ‘পদ্মাবত’ ছবির ওপর থেকে ঘোষিত নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।

মেওয়ারের রানি পদ্মিনী ও রাজপুত ঐতিহ্যকে বিকৃত করার অভিযোগ তুলে করনি সেনারা বিদ্রোহ শুরু করে। ২০১৬ সালে জয়পুরে ‘পদ্মাবত’ ছবির সেটে পরিচালক সঞ্জয় লীলা বানসালীর ওপর হামলার মধ্য দিয়ে তাঁদের বিদ্রোহের শুরু। ছবিতে রানি পদ্মাবতী বা পদ্মিনীর সঙ্গে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির প্রেমের দৃশ্য দেখানো হয়েছে—এমন খবর পেয়ে করনি সেনাদের ‘চিলে কান নিয়েছে’র মতো দশা হয়। অনেক অনুরোধের পরও বিদ্রোহীরা ছবিটি দেখতে রাজি হননি। না দেখেই একটি ভুল ধারণাকে কেন্দ্র করে এত দিন ছবির বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যায়। বানসালী আর ছবির নায়িকা দিপীকা পাড়ুকোনের শিরশ্ছেদের জন্য পুরস্কার ঘোষণা করে তারা।

‘পদ্মাবত’ ছবির দৃশ্য
‘পদ্মাবত’ ছবির দৃশ্য

গতকাল শুক্রবার শ্রী রাষ্ট্রীয় রাজপুত করনি সেনার মুম্বাই শাখার নেতা যোগেন্দ্র সিং কাটার বলেন, তাঁদের সংগঠনের কয়েকজন সদস্য ‘পদ্মাবত’ ছবিটি দেখেছেন। সেখানে রানির সঙ্গে আলাউদ্দিনের কোনো প্রেমের দৃশ্য তাঁরা খুঁজে পায়নি। এমনকি তাঁরা ছবিটি দেখে উপলব্ধি করেছেন, এই সিনেমায় রানিকে অপমান করা হয়নি, বরং রাজপুতদের ত্যাগ আর বীরত্বের ইতিহাসকে মহিমান্বিত করা হয়েছে।

তাই ‘পদ্মাবত’ ছবির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয় এই সংগঠন। এখন রাজস্থানে ছবিটির প্রদর্শন নিয়ে কোনো আপত্তি নেই তাদের। মধ্যপ্রদেশ আর গুজরাটের দর্শকেরাও হলে গিয়ে নির্বিঘ্নে ছবিটি উপভোগ করতে পারবেন। যদিও ভারতের সুপ্রিম কোর্ট আগেই দেশব্যাপী ‘পদ্মাবত’ ছবির মুক্তির নির্দেশ দেন। সব নির্দেশ উপেক্ষা করে তখন প্রেক্ষাগৃহ ও রাজপথে অশান্তি ডেকে আনে করনি সেনার দল।

এদিকে এখন পর্যন্ত ‘পদ্মাবত’ ছবির বিশ্বজুড়ে আয় প্রায় ২৫৫ কোটি রুপি। ছবিটি মুক্তি পেয়েছে ২৫ জানুয়ারি। হিন্দুস্তান টাইমস