করোনা কেড়ে নিল দক্ষিণের জনপ্রিয় এই কোরিওগ্রাফারের প্রাণ
করোনা সংক্রমিত হয়ে মারা গেলেন দক্ষিণি ছবির দুনিয়ার নামকরা কোরিওগ্রাফার শিব শঙ্কর। ৭২ বছর বয়সী এই কোরিওগ্রাফারের মৃত্যুতে সমগ্র চলচ্চিত্রজগতে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার শিব শঙ্করের মৃত্যুর পর বলিউড অভিনেতা সোনু সুদ এক টুইট বার্তায় শোক জ্ঞাপন করেছেন। তিনি টুইটে লিখেছেন, ‘শিব শঙ্কর মাস্টারজির প্রয়াণের খবরে আমার হৃদয় চূর্ণবিচূর্ণ। ওনাকে বাঁচানোর অনেক চেষ্টাই আমি করেছি। কিন্তু ওপরওয়ালার হয়তোবা অন্য রকম ইচ্ছা ছিল। আমি মাস্টারজির অভাব সব সময় অনুভব করব। ঈশ্বর ওনার পরিবারকে এই বড় ক্ষতি সামলানোর সাহস দিন। চলচ্চিত্র আপনাকে সব সময় স্মরণ করবে স্যার।’
তেলেগু ছবির পরিচালক এসএস রাজামৌলিসহ অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে প্রবাদপ্রতিম কোরিওগ্রাফার শিব শঙ্করের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন। রাজামৌলি টুইট করে লিখেছেন, ‘শিব শঙ্কর মাস্টারের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। ওনার সঙ্গে ‘মগাধীরা’ ছবিতে কাজ করার অভিজ্ঞতা স্মরণীয়। ওপরওয়ালা ওনার আত্মাকে শান্তি দিক। আর ওনার পরিবারকে আমার সমবেদনা জানাই।’
নভেম্বরের শুরুর দিকে শিব শঙ্কর করোনায় আক্রান্ত হয়ে হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল। আর তাই তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল। শিব শঙ্করের বড় ছেলেও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তারও এখন চিকিৎসা চলছে। শিব শঙ্করের চিকিৎসার জন্য আর্থিকভাবে সহায়তা করেছিলেন সোনু সুদ এবং দুই দক্ষিণি তারকা ধানুষ আর চিরঞ্জীবী।
১৯৭০ সালে টলিউডে ক্যারিয়ার শুরু করেন শিব শঙ্কর। প্রায় চার দশকের কর্মজীবনে একাধিক আইকনিক গানের কোরিওগ্রাফি করেছেন। দক্ষিণের একাধিক কিংবদন্তি অভিনেতার সঙ্গে কাজ করেছিলেন শিব শঙ্কর। ২০১১ সালে জাতীয় পুরস্কার দিয়ে তাঁকে সম্মানিত করা হয়। তেলেগু এবং তামিল ছবিতে কোরিওগ্রাফির পাশাপাশি অভিনয়ও করেছেন শিব শঙ্কর।