করোনার প্রভাবে বলিউডে মন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূর্যবংশী ছবির অভিনয়শিল্পী অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, পরিচালক রোহিত শেঠি ও প্রযোজক করণ জোহর।  ছবি: ইনস্টাগ্রাম
সূর্যবংশী ছবির অভিনয়শিল্পী অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, পরিচালক রোহিত শেঠি ও প্রযোজক করণ জোহর। ছবি: ইনস্টাগ্রাম

এ বছর বলিউডে পুরস্কার আসর, বিদেশে শুটিং, ছবির মুক্তি, প্রচারণা— সবকিছুই যেন হঠাৎ করে অনিশ্চিত হয়ে পড়েছে। মারাত্মক প্রভাব পড়েছে ছবির ব্যবসাতেও। কোনো পরিকল্পনা বা আয়োজনের ক্ষেত্রে দর্শক, শিল্পী আর আয়োজকদের মনের কোণে উঁকি দিচ্ছে একটাই প্রশ্ন, আশপাশে করোনা নেই তো? বলিউডের বাণিজ্য–বিশ্লেষকদের মতে, করোনার আতঙ্কে বলিউডকে গুনতে হতে পারে হাজার কোটি টাকার লোকসান।

দ্য ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড (আইফা) সাধারণত বছরের মাঝামাঝি তুলে দেওয়া হয় বিজয়ীদের মাঝে। মর্যাদাপূর্ণ ও আড়ম্বরপূর্ণ এই আয়োজনের ২১তম আসর একলাফে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে নভেম্বরের ২৭-২৯ তারিখে।

বক্স অফিস বিশেষজ্ঞরা জানিয়েছিলেন বাঘি থ্রি প্রথম দিনে অন্তত ২২-২৫ কোটি রুপি কামাবে। কিন্তু ছবিটি ১৭ কোটি আয় করায় সেই বিশ্লেষকেরাই এখন বলছেন, করোনার কারণেই বাজার মন্দা। ১৩ মার্চ মুক্তিকে সামনে রেখে আশঙ্কা করা হচ্ছে ইরফান খান ও কারিনা কাপুর অভিনীত আংরেজি মিডিয়ামও একই কারণে স্বাভাবিকের চেয়ে কম ব্যবসা করবে। ২৪ মার্চ মুক্তি পেতে যাওয়া রোহিত শেঠি পরিচালিত অক্ষয় কুমার ও ক্যাটরিনা অভিনীত সূর্যবংশী ছবিটিরও একই কারণে কপাল মন্দ বলেও মত দিয়েছেন অনেকে।

কথা ছিল, সালমান খান তাঁর পরবর্তী ছবি রাধের শুটিং করবেন আজারবাইজানে। কিন্তু দেশের সীমানা পেরিয়ে কোথাও যেতে রাজি নন এই ভাইজান। ভারতেই হবে পুরো শুটিং। বড় আয়োজনের তখত ছবির শুটিং হওয়ার কথা ছিল ইউরোপের বিভিন্ন দেশে। আপাতত সেসব মাথা থেকে ঝেরে ফেলেছেন পরিচালক করণ জোহর। অক্ষয় কুমারের বেল বটম ছবির দৃশ্যধারণের কথা ছিল ইংল্যান্ডের লন্ডনে। এখন সেই পরিকল্পনা তুলে রেখেছেন শিকেয়। ভিকি কৌশলের অশ্বথামা ছবির পূর্বপ্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিন্তু শুটিং বন্ধ। কেননা, সেটা কোথায় হবে সেটিই যে ঠিক করতে পারছেন না ছবির দল। দর্শন ছবির যেসব দৃশ্য স্পেনে ধারণ করার কথা ছিল, সেগুলো নেওয়া হয়েছে কর্ণাটকে।

দুবাই বলিউডের বড় মার্কেট। কিন্তু সেখানেও বলিউডের ছবির একই অবস্থা। প্রায় অর্ধেকে নেমে এসেছে দর্শক।