করোনায় সংক্রমিত ফারাহ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারাহ খান

বলিউড তার নিজস্ব ছন্দে অনেকটাই ফিরে এসেছে, রমরমিয়ে চলছে সিনেমা, সিরিজ, সিরিয়ালের শুটিং। তবুও করোনার কালো ছায়াকে এখনো বলিউড সাম্রাজ্য থেকে পুরোপুরি অপসারণ করা যায়নি। করোনার তৃতীয় ঢেউয়ের আতঙ্কে আছে মুম্বাই তথা মহারাষ্ট্রবাসী। কিছুদিন আগেই করোনায় সংক্রমিত হয়েছিলেন চিত্রপরিচালক রুমি জাফরি। এবার হয়েছেন ফারাহ খান। নিজেই এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন বলিউডের এই নামকরা কোরিওগ্রাফার তথা চিত্রপরিচালক। করোনার টিকার দুটো ডোজ নেওয়ার পরও সংক্রমিত হয়েছেন ফারাহ।

ইনস্টাগ্রাম স্টোরিতে করোনায় সংক্রমিত হওয়ার খবর প্রকাশ করে গত কয়েক দিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদেরও পরীক্ষা করানোর জন্য আবেদন জানিয়েছেন এই কোরিওগ্রাফার। এই স্টোরিতে তিনি লিখেছেন, 'দুটো ডোজ নিয়েছিলাম। তারপরও এটা ঘটল। আমি সত্যি খুব অবাক হয়েছি। জানি না কীভাবে আমি পজিটিভ হয়েছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের আমি আগেই জানিয়েছি। আর পরীক্ষা করানোর কথা বলেছি।' ফারাহ মজার ছলে আরও বলেছেন, 'কারোর নাম যদি ভুলে গিয়ে থাকি, (বয়স বাড়ার জন্য আর স্মৃতিশক্তি কম হওয়ার জন্য) তাঁরাও অনুগ্রহ করে পরীক্ষা করিয়ে নিন। আশা করছি, শিগগিরই সুস্থ হয়ে উঠব।'

ফারাহ খান

দুটো ডোজ নেওয়ার এক মাস পর জি কমেডি শোর শুটিং শুরু করেছিলেন ফারাহ। করোনা পজিটিভ হওয়ার কারণে কমেডি শো থেকে এখন বিরতি নিয়েছেন তিনি। আগামী পর্বে তাঁর পরিবর্তে মিকা সিংকে দেখা যাবে বলে খবর। এখন তিনি নিজেকে বেশ কিছুদিন কোয়ারেন্টিনে রাখবেন। আগেই তিনি বেশ কিছু রিয়েলিটি শোর শুটিং করেছেন। সম্প্রতি শিল্পা শেঠির সঙ্গে সুপার ড্যান্সার চ্যাপ্টার ফোর–এর শুটিং করেছেন। এ ছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গে কৌন বনেগা কৌড়পতি সিজন ১৩–এর এক বিশেষ পর্বের শুটিং করেছেন তিনি।