করোনায় ৭০ শতাংশ পারিশ্রমিক কাটা গেল ভারতীর
নাচের রিয়েলিটি অনুষ্ঠান ‘ডান্স দিওয়ানে’তে ৭০ শতাংশ কম পারিশ্রমিকে কাজ করতে রাজি হয়েছেন ভারতী সিং। ‘কপিল শর্মা’ শোর জন্যও ৫০ শতাংশ কম পারিশ্রমিক নেবেন এই জনপ্রিয় কৌতুক অভিনেতা। এ প্রসঙ্গে ভারতী বলেছেন, ‘সবাইকে পারিশ্রমিক কর্তন সমস্যায় ভুগতে হচ্ছে। আমিও ব্যতিক্রম নই। অনেক দরদাম করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি।
তবে গত এক বছরে কত কাজ বন্ধ হয়ে গেছে। টেলিভিশন ধারাবাহিক বা শোর জন্য চ্যানেল কর্তৃপক্ষ স্পনসর পাচ্ছে না। তাই তারা কোথা থেকে টাকা আনবে। অনেকেই তার নিজের পায়ে দ্বিতীয়বার দাঁড়ানোর চেষ্টা করছে। একবার আমরা ভালো রেটিং পেয়ে গেলে স্পনসর আপনা থেকেই পাওয়া যাবে। আর আমাদের পারিশ্রমিক বেড়ে যাবে।’
ভারতী আরও বলেছেন, ‘এত দিন ধরে চ্যানেলের সঙ্গে কাজ করছি। আর চ্যানেল আমাদের সব কথা শুনেছে। আমাদের সব দাবিদাওয়া পূরণ করেছে। আজ তারা সাহায্য চাইছে। আমার মনে হয় না কোনো অভিনয়শিল্পী তা মানতে অস্বীকার যাবেন। তবে আমার মতে, টেকনিশিয়ানদের পারিশ্রমিক কাটা উচিত নয়। একটা সময় আমরা পুরোপুরি ঘরবন্দী ছিলাম। আমাদের হাতে একদম কাজ ছিল না। আমরা ভাবছিলাম কবে আবার কাজ শুরু হবে। আসলে আমরা এখন কাজের জন্য মরিয়া। কিছুদিন পর আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আর তা হওয়া উচিত।’
সনি চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় কমেডি শো ‘কপিল শর্মা’তে ফিরতে পেরে দারুণ খুশি ভারতী। তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘সাত মাস পর আবার ফিরতে চলেছি। এই মহামারির সময় কমেডি শো হওয়া খুব জরুরি।’
গত বছর ভারতীর সময়টা মোটেও ভালো যায়নি। মাদককাণ্ডে ভারতী আর তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার নাম উঠে এসেছিল। মুম্বাইয়ে তাঁদের দুটি বাসায় তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো গাঁজা উদ্ধার করেছিল। ভারতী আর হর্ষকে তাঁরা গ্রেপ্তার করেছিল। পরে জামিনে মুক্তি পান এই দম্পতি।