কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন ভারতের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। ১৪ নভেম্বর শুরু হবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শেষ হবে ২১ নভেম্বর। যদিও আগের প্রায় অধিকাংশ উৎসবগুলোতেই শাহরুখ খান উপস্থিত ছিলেন, কিন্তু এবারে পেশাগত ব্যস্ততার কারণে তিনি এ উৎসবে থাকতে পারছেন না বলেই জানিয়েছেন উৎসবের আয়োজকেরা।

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ বচ্চন ছাড়াও অংশ নেবেন অমিতাভ পত্নী জয়া বচ্চন, শর্মিলা ঠাকুর, মৌসুমী চ্যাটার্জি এবং অভিনেত্রী বিদ্যা বালান। এবারের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ উৎসবের বাজেট ধরা হয়েছে আট কোটি রুপি।
কলকাতা চলচ্চিত্র উৎসবের আয়োজকেরা জানিয়েছেন, শর্মিলা ঠাকুর এবারের উৎসবের জুরি বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কলকাতা চলচ্চিত্র উৎসবের জন্য ৬১টি দেশের ১৩৭ জন নির্মাতার ১৪৯টি ছবি প্রদর্শিত হবে। উৎসবের ছবিগুলো কলকাতার ১২টি স্থানে (উৎসব ভেন্যু) প্রদর্শিত হবে।
এদিকে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক যাদব মণ্ডল জানিয়েছেন, সেরা ছবির পুরস্কারের অর্থমূল্য বিবেচনায় বিশ্বের যেকোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ে এই উৎসবের সেরা ছবির পুরস্কারের অর্থমূল্য বেশি। তিনি জানান, এই নিয়ে দ্বিতীয়বারের মতোই এই উৎসবে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
যাদব মণ্ডল বলেন, যদিও প্রতিযোগিতার জন্য ১২১টি ছবি জমা পড়েছিল, কিন্তু শেষপর্যন্ত এই প্রতিযোগিতা বিভাগের জন্য চূড়ান্ত বাছাই হিসেবে মনোনীত হয়েছে ১৪টি ছবি। এবারের উৎসবে নারী নির্মাতাদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এবারের উৎ​সবের সেরা ছবির পুরস্কার রয়াল বেঙ্গল ট্রফি (৫১ লাখ রুপি), সেরা পরিচালক বা নির্মাতার পুরস্কার (২১ লাখ রুপি)। ইন্দো-এশিয়ান নিউজ।