কলকাতার রাস্তায় মোটরসাইকেল চালালেন অমিতাভ

অমিতাভ বচ্চন এখন কলকাতায়, শুটিং করছেন নির্মাতা ঋভু দাশগুপ্তের ‘তিন’ ছবির। শুক্রবার থেকে শুরু হয়েছে এ ছবির শুটিং। অমিতাভ প্রথমদিন শুটিং করেছেন রবীন্দ্র সরোবরে, দ্বিতীয় দিন শনিবার শুটিং করেছেন পশ্চিমবঙ্গের সচিবালয় রাইটার্স বিল্ডিংয়ে। আর এখানেই পুরোনো দিনের একটি মোটরসাইকেল চালিয়ে তিনি চমকে দেন রাইটার্স বিল্ডিংয়ের শুটিং স্পটে অমিতাভ বচ্চনকে এক নজর দেখতে আসা অপেক্ষমাণ কলকাতাবাসীকে।
শনিবার সকালেই অমিতাভ বচ্চন চলে আসেন রাইটার্স বিল্ডিংয়ে। গায়ে তাঁর তখন গোলাপি জ্যাকেট। এ সময় অপেক্ষমাণ সাংবাদিকেরা এগিয়ে এলে তাঁদের নমস্কার জানিয়ে তিনি ঢুকে যান রাইটার্স বিল্ডিংয়ের ভেতরে। তারপর মেকআপ নিয়ে বের হন। অমিতাভের পরনে তখন একটি চেক জামা আর কালো প্যান্ট। রাইটার্স বিল্ডিংয়ের দরজার সামনে রাখা পুরোনোদিনের একটি মোটরসাইকেলে ওঠেন তিনি। হেলমেট পরে দু’বার কিক করার পরও মোটরসাইকেলটি স্টার্ট নিচ্ছিল না। অবশ্য তৃতীয়বারের চেষ্টায় সফল হন অমিতাভ। এরপর সেই মোটরসাইকেল চালিয়ে শুটিংয়ে অংশ নেন তিনি।

বর্ষীয়ান এই অভিনেতার মোটরসাইকেল চালানোর দৃশ্য দেখে মুগ্ধ হন শুটিংয়ের আশপাশে উপস্থিত মানুষ। শুটিংয়ে উপস্থিত একজন জানিয়েছেন, এত দিন পর্দায় দেখে এসেছি। এবার জনম সার্থক হলো, সামনাসামনি দেখতে পারলাম এই মেগাস্টারকে।
এদিন অবশ্য রাইটার্সের ভেতরেও শুটিং করেন অমিতাভ। সন্ধ্যা ৬টার দিকে তিনি বেরিয়ে যান রাইটার্স থেকে।
‘তিন’ ছবিতে শুটিং করতে অমিতাভ কলকাতায় এসেছেন গত বৃহস্পতিবার সন্ধ্যায়। ছবিটি প্রযোজনা করছেন সুজয় ঘোষ, পরিচালনা করছেন ঋভু দাশগুপ্ত। কলকাতায় এই ছবির শুটিংয়ে আরও অংশ নিয়েছেন বলিউডের আরও দুই তারকা বিদ্যা বালান এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি। এ ছাড়াও, ‘তিন’ ছবিতে আছেন কলকাতার সব্যসাচী চক্রবর্তী। অমিতাভ অভিনয় করছেন এ ছবির কেন্দ্রীয় চরিত্রে । গত নভেম্বর মাসে সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে অভিনয়ের জন্য কলকাতা এসেছিলেন অমিতাভ। সেবার এই রাইটার্স বিল্ডিংয়ের সামনে বাইসাইকেল চালিয়ে শুটিং করেছিলেন ‘পিকু’ ছবির জন্য। আর এবার ‘তিন’ ছবির জন্য শুটিং করলেন কলকাতার রাস্তায় পুরোনো আমলের একটি মোটরসাইকেল চালিয়ে।