কাকে বিয়ে করেছেন রণবীর!

নিজেকে বিবাহিত বলেই দাবি করেছেন ‘বরফি’ তারকা রণবীর কাপুর। তবে কি দীর্ঘদিনের প্রেমিকা ক্যাটরিনার সঙ্গেই বিয়ের কাজটি সেরে ফেলেছেন জুনিয়র কাপুর! নাকি অন্য কারও সঙ্গে? এক সাক্ষাত্কারে রণবীর নিজেই জানিয়েছেন, তাঁর কাজের সঙ্গেই বিয়ের বন্ধনে আবদ্ধ তিনি।
সাক্ষাত্কারে রণবীরকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি নতুন বাড়ি কিনলেন কদিন আগে। ক্যাটরিনা কাইফকে নিয়ে নতুন বাড়িতে ওঠার পরিকল্পনা করছেন কি? জবাবে রণবীর বলেন, ‘মা-বাবার সঙ্গে থাকতে পেরে আমি অনেক খুশি। নিজের বাড়িতেই আমি যথেষ্ট স্বাধীন। আমার ব্যক্তিগত বিষয়ে কেউ হস্তক্ষেপ করে না। এ বাড়ির সংস্কারকাজ শুরু হচ্ছে। এর জন্যই কিছুদিনের জন্য বাইরে থাকতে হবে। বাড়ির সংস্কার শেষ হলেই আবার ফিরে আসব।’ এক খবরে এমনটিই জানিয়েছে মুম্বাইভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল মিড-ডে ডটকম।
রণবীর আরও বলেন, ‘আমি মনে করি, নতুন বাড়িতে কাকে নিয়ে উঠব তা বলতে আমি বাধ্য নই। হ্যাঁ, শিগগির আমি বিয়ে করে পারিবারিক জীবন শুরু করতে চাই। কিন্তু এখন আমি আমার কাজের সঙ্গেই বিয়ের বন্ধনে আবদ্ধ।’
মিডিয়ার সঙ্গে বৈরী সম্পর্কের কারণ জানতে চাইলে রণবীর বলেন, ‘আমি কিন্তু মিডিয়াকে ভালোবাসি। আজ আমি যে তারকাখ্যাতি পেয়েছি তার পেছনে মিডিয়ার বিশাল অবদান রয়েছে। ক্যারিয়ারের শুরু থেকেই মিডিয়া আমাকে কাজ করতে উত্সাহ জুগিয়েছে। আমার কোনো মুখপাত্র নেই। সামাজিক যোগাযোগ রক্ষার ওয়েবসাইটেও আমি সক্রিয় নই। এ জন্য প্রায়ই আমাকে নিয়ে মনগড়া সব খবর প্রকাশ করা হয়। শুরুর দিকে বিষয়টিকে খুব বিরক্তিকর মনে হতো। কিন্তু পরে ভাবলাম, নিজেকে ঘিরে একটি রহস্যের বলয় থাকলে মন্দ কি!’
রণবীর আরও বলেন, ‘আমি অন্তর্মুখী স্বভাবের। সংবাদ সম্মেলনে উপস্থিত হতে আমার খুব কষ্ট হয়। কারণ, সবাই আমি কী করছি, সেটা জানার চেয়ে আমি কে, সেটাই বেশি জানতে চায়। আমি বুঝি, জনপ্রিয় হয়ে গেলে ব্যক্তিগত জীবনের প্রতিই বেশি আগ্রহ দেখায় বেশির ভাগ মানুষ। কিন্তু মাঝেমধ্যে এমন সব খবর রটানো হয়, যা আমার ব্যক্তিগত জীবনকে ক্ষতিগ্রস্ত করে। খবরগুলো পড়ে মানুষ বিশ্বাস করে এবং তার ভিত্তিতে আমার চরিত্রের মূল্যায়ন করে। এ বিষয়টি আমার খুব খারাপ লাগে। তবে আমার বিশ্বাস, কাজ দিয়ে সবকিছুকে ছাপিয়ে যেতে পারব আমি।’
সোশ্যাল মিডিয়ায় সক্রিয় না থাকার পেছনের কারণ সম্পর্কে জানতে চাইলে রণবীর বলেন, ‘আমার ধারণা, সোশ্যাল মিডিয়ায় নিজের কোনো ভাবনা শেয়ার করলে প্রায় সময়ই তার ভুল ব্যাখ্যা দাঁড় করানো হয়। কোনো ছবি বা মন্তব্য পোস্ট করলে প্রায় সময়ই তা ফুলিয়ে-ফাঁপিয়ে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় যার কোনো মানেই হয় না। আমি এমন বিভ্রান্তির মুখোমুখি হতে চাই না। বরং ভক্তদের সঙ্গে চলচ্চিত্রের মাধ্যমে যোগাযোগ রাখাটাই ঢের ভালো।’