কাজ খুঁজছেন অমিতাভ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

অন্য কেউ বললে হয়তো স্বাভাবিক শোনাতো, কিন্তু ‘কাজ খুঁজছি ... ইদানীং আকর্ষণীয় কোনো কাজ পাচ্ছি না’— এমনটি জানিয়েছেন যে স্বয়ং অমিতাভ বচ্চন! ১১ অক্টোবর ছিল তাঁর জন্মদিন। কিছু কিছু মানুষ আছেন যারা কর্মস্পৃহায় বয়সকে যেন স্থির রেখেই সামনে এগিয়ে চলেন। অমিতাভ বচ্চন এমনই একজন মানুষ। এই ৭৩ বছর বয়সে পৌঁছেও যিনি যেকোনো তরুণের চেয়েও কয়েকগুণ বেশি কাজ করেন। কাজের মধ্যেই সব আনন্দ খুঁজে পান। অমিতাভের কর্মস্পৃহা যে কতটা প্রবল; তাঁর এক সাম্প্রতিক বক্তব্যে তা স্পষ্ট ফুটে উঠেছে। সম্প্রতি এই কাজপাগল অভিনেতা জানিয়েছেন, ইদানীং তিনি নাকি তেমন কোনো আকর্ষণীয় কাজ খুঁজে পাচ্ছেন না।

কুলি থেকে শাহেনশাহ, ডন, শায়ের কিংবা ‘ব্ল্যাক’ ছবির সেই অসাধারণ ধৈর্য, স্নেহ আর ভালোবাসার প্রতিমূর্তি শিক্ষক। এমন কোনো চরিত্র নেই যে তাঁর নিপুণ অভিনয়ের জাদু স্পর্শে প্রাণ পায়নি। বলিউডের ছবিতে অভিনয়ের ক্ষেত্রে দীর্ঘ সময়ে যোজন দূরত্ব অতিক্রম করেছেন ‘মেগা স্টার’ অমিতাভ বচ্চন। সেই অমিতাভই কিনা এ কথা জানিয়েছেন।
অমিতাভ বলেছেন, আজকাল আকর্ষণীয় কাজ খুঁজে পাওয়া বেশ কঠিনই হয়ে পড়েছে। যদিও তাঁর এ কথার সঙ্গে কখনোই মেলানো যাবে না অমিতাভের সাম্প্রতিক কর্মব্যস্ততাকে। এ বছরই বড়পর্দার দর্শকেরা তাঁকে দেখবেন ‘ওয়াজির’ ছবিতে। আর ছোটপর্দায় অমিতাভ আসছেন ‘আজ কি রাত হ্যায় জিন্দেগি’ নামের একটি রিয়েলিটি শো নিয়ে। এ রিয়েলিটি শোর জন্য তিনি কোরিওগ্রাফিও করেছেন।
তাঁর এই ‘কাজ পাচ্ছি না’ নিয়ে পাছে সবাই ধন্দে পড়ে যায় সম্ভবত এ কারণেই বিষয়টি আরও স্পষ্ট করতে তিনি বলেছেন, ‘যদিও এ বছরেই তিনটি ছবিতে আমি অভিনয় করেছি— ‘শামিতাভ’, ‘পিকু’ আর ‘ওয়াজির’।
কাজে যে তিনি আনন্দ খোঁজেন সে বিষয়টি জানাতেই যেন বলেছেন, ‘এ তিন ছবিতে চরিত্রের ভিন্নতার কারণে কাজ করে আনন্দও পেয়েছি।’
বয়স ষাটে পৌঁছানোর পর থেকেই যেন কাজের গতি আরও বাড়িয়ে দিয়েছেন ‘ব্ল্যাক’ ছবির এই মাস্টার মশাই। কিছুদিন আগেই অমিতাভ বচ্চন বলেছিলেন, সাফল্যের শীর্ষ নাকি তাঁর কাছে এখনো অধরা। হয়তো এই অধরাকে ধরার জন্যই বড়পর্দা, ছোটপর্দা, গান, মঞ্চ, কোরিওগ্রাফি সব ক্ষেত্রে যেন দশ হাতে কাজ করছেন এ মানুষটি। শুধু কাজই করছেন না। কাজের ধরন বুঝে নিজেকে মানিয়ে নিয়েই এগিয়ে যাচ্ছেন তাঁর ‘অধরা’ সেই সাফল্যের চূড়ার আরও কাছে।